বহুজাতিক তদন্ত কমিশন গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলার ঘটনায় একটি বহুজাতিক তদন্ত কমিশন গঠনের ব্যাপারে জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গত রোববার যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল ওরেন এ কথা জানান। এ ব্যাপারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক তদন্ত ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না। এদিকে এবার গাজায় ত্রাণবাহী জাহাজ পাঠানোর উদ্যোগ নিয়েছে ইরান। আরও দুটি বিদেশি সংগঠনও জাহাজে গাজায় ত্রাণ পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে। গত ৩১ মে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি সেনাদের হামলায় নয় তুর্কি নাগরিক নিহত হয়। গত বৃহস্পতিবার গাজা অভিমুখী আরেকটি ত্রাণবাহী জাহাজও আটকে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।রোববার ওয়াশিংটনে একটি টেলিভিশন অনুষ্ঠানে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করছি। বরং এ ঘটনায় আমাদের নিজস্ব তদন্ত কীভাবে এগোবে তা নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।’ গত শনিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন ত্রাণবাহী নৌবহরে হামলার ঘটনায় একটি আন্তর্জাতিক প্যানেল গঠনের প্রস্তাব দেন। নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জিওফ্রে পালমারের নেতৃত্বে ওই প্যানেলে তুরস্ক, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাখার কথা বলা হয়। প্রস্তাবটি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেন বান। গত রোববার প্রস্তাবটি ইসরায়েলের লিকুদ পার্টির সভায় তোলেন নেতানিয়াহু। সভায় উপস্থিত এক কর্মকর্তা পরে বলেন, চাপের মুখে ইসরায়েল কোনো সিদ্ধান্ত নেবে না।ত্রাণবাহী নৌবহরে হামলায় তুর্কি নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইসরায়েলের সঙ্গে তাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র তুরস্কের সম্পর্কের চরম অবনতি হয়েছে। তুরস্ক এই ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, ত্রাণবাহী নৌবহরে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত ছাড়া ইসরায়েলের সঙ্গে তুরস্কের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নেই। ইসরায়েল আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে সবুজ সংকেত দিলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকভাবেই পরিবর্তিত হবে।ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা ইরনা গতকাল সোমবার জানিয়েছে, চলতি সপ্তাহেই অবরুদ্ধ গাজাবাসীর জন্য দুটি ত্রাণবাহী জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সে দেশের রেড ক্রিসেন্ট। একটি জাহাজে ত্রাণসামগ্রী ও আরেকটি জাহাজে স্বেচ্ছাসেবী ত্রাণকর্মীরা থাকবেন। ইরানি রেড ক্রিসেন্টের পরিচালক আব্দলরউফ আদিবজাদেহ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠক শেষে ত্রাণবাহী জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাহাজে ত্রাণকর্মী হিসেবে অংশ নেওয়ার জন্য স্বেচ্ছাসেবীদের আহ্বান জানানো হচ্ছে।এ ছাড়া রিপোর্টার্স উইদাউট বর্ডারস ও ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট নামের দুটি সংগঠন আগামী কয়েক সপ্তাহের মধ্যে নৌপথে গাজায় ত্রাণ পাঠানোর পরিকল্পনা করছে। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের কর্মীরা জানিয়েছেন, তাঁরা লেবাননের বৈরুত থেকে নৌযানে গাজায় ত্রাণ পাঠানোর কথা ভাবছেন। এ জন্য ২৫ জন ইউরোপীয় ত্রাণকর্মী ও ৫০ জন সাংবাদিককে একত্রিত করছেন তাঁরা। ফ্রি প্যালেস্টাইন মুভমেন্টও একই ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।ত্রাণবাহী নৌবহরে হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। তিনটি মার্কিন রক সংগীত দল তেল আবিবে তাদের কনসার্ট বাতিল করেছে। সাহিত্যিক অ্যালিস ওয়াকার ও ইয়াইন ব্যাংকসও এই বর্জন কর্মসূচি সমর্থন করেছেন। তাঁরা বলেছেন, তাঁদের বই হিব্রু ভাষায় অনুবাদ করা হবে না। সুইডেন ও দক্ষিণ আফ্রিকার জাহাজ ঘাটের শ্রমিকেরা ইসরায়েলি জাহাজ থেকে মাল খালাস করতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাজ্যের শ্রমিক সংঘ ইউনাইট ইসরায়েলি কোম্পানিগুলো বর্জনের একটি প্রস্তাব অনুমোদন করেছে। এএফপি, রয়টার্স।