বহুবিবাহের দায়ে বিচারের মুখে ৬১ বছরের বৃদ্ধ
উইনস্টন ব্ল্যাকমোর। ৬১ বছর বয়সী এ বৃদ্ধের স্ত্রীর সংখ্যা ২৪। রয়েছে ১৪৫টি সন্তান। কানাডার বাউন্টিফুল এলাকার এ ধর্মীয় নেতা বহুবিবাহের অপরাধে এখন বিচারাধীন। রয়েছেন রায়ের অপেক্ষায়। একই অপরাধে বিচারাধীন রয়েছেন তাঁর এক প্রাক্তন স্ত্রীর ভাই জেমস ওলার। ৫৩ বছর বয়সী জেমস বিয়ে করেছেন চারটি।
উইনস্টন ও জেমস দুজনই খ্রিস্টীয় একটি বিশেষ সম্প্রদায়ের অনুসারী। ‘ফান্ডামেন্টালিস্ট চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার ডে সেইন্টস’ সংক্ষেপে (এফএলডিএস) নামে পরিচিত এ সম্প্রদায়ে বহুবিবাহ বিধিসম্মত। কিন্তু অন্য পশ্চিমা দেশের মতোই কানাডায়ও বহুবিবাহ নিষিদ্ধ। ফলে এমন একটি বিষয়ে আদালতের রায়ের দিকে তাকিয়ে আছে অনেকেই। এ রায়কে অনেকে বর্ণনা করছেন, ‘কানাডায় ধর্মীয় স্বাধীনতার সীমা নির্ধারণী’ রায় হিসেবে।
উইনস্টনের আইনজীবীর এ বিষয়ক ভাষ্য হচ্ছে, তাঁর মক্কেলের ক্ষেত্রে বহুবিবাহকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে ধর্মী স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। এখন দেখার বিষয় আদালত এ বিষয়ে কী রায় দেন। উইনস্টন ও জেমস দোষী সাব্যস্ত হলে প্রচলিত আইন অনুযায়ী তাঁরা দুজনই পাঁচ বছর করে কারাদণ্ডে দণ্ডিত হবেন।
কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক নিক বালা এ বিষয়ে বিবিসিকে বলেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গন উভয় ক্ষেত্রেই এ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপে সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার মধ্য দিয়ে বহুবিবাহের সংকটটি সামনে এসেছে। এ কারণে এর একটি সুরাহা হওয়া প্রয়োজন। এ বিষয়ক আইনে এখনো কিছু ফাঁক ফোকর রয়ে গেছে। তাই আগে থেকেই রায়ের বিষয়ে অনুমান করা যাচ্ছে না।
উইনস্টন ও জেমসের বিচার চলছে কানাডার ব্রিটিশ কলোম্বিয়া আদালতে। আড়াই সপ্তাহ ধরে চলা এ বিচারে আদালত কী রায় দেন, সেদিকে তাকিয়ে আছেন এফএলডিএসের দেড় হাজার অনুসারী। মরমোন খ্রিষ্টানদের থেকে পৃথক হয়ে প্রায় শত বছর আগে গঠিত এ সম্প্রদায়ে বহুবিবাহের প্রচলন হয় ৭০ বছরেরও আগে। ব্রিটিশ কলম্বিয়ার বাউন্টিফুলে খ্রিষ্টীয় এ বিশেষ ধর্মমতটির যাত্রা ১৯৪৬ সালে। বিশেষ এ সম্প্রদায়ের অনুসারী রয়েছে আমেরিকায়ও। সেখানকার কলোরাডো, অ্যারিজোনা, ইউটাহসহ বেশ কিছু অঞ্চলে প্রায় ১০ হাজার সদস্য রয়েছে এফএলডিএসের।
এ সম্প্রদায়ের মানুষেরা পরকালে নিদানলাভের অন্যতম প্রয়োজনীয় উপায় হিসেবে বহুবিবাহকে দেখে থাকে। কিন্তু পশ্চিমা বিশ্বেই বহুবিবাহকে দেখা হয় অপরাধ হিসেবে। এরই ফল হিসেবে আমেরিকার এফএলডিএস নেতা ওয়ারেন জেফকে ২০১১ সালে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এর আগে তাঁর বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক দুই মেয়েকে বিয়ে করার অভিযোগ উঠেছিল।