বাঁচানো গেল না অ্যাঞ্জেলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ে পরিবারের অন্য সব সদস্যের সঙ্গে দুই বছরের ছোট্ট শিশু অ্যাঞ্জেল বাবকককে উড়িয়ে নিয়ে গিয়েছিল বাড়ি থেকে বেশ দূরে। বাবা-মা, ভাইবোন মারা গেলেও সে ছিল জীবিত। কিন্তু টানা ৪৮ ঘণ্টা লড়েও চিকিৎসকেরা বাঁচাতে পারলেন না তাকে। গত রোববার বিকেলে মারা গেছে শিশুটি। গত শুক্রবার যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়ের শিকার অ্যাঞ্জেল বাবকক। ওই ঝড়ে ইন্ডিয়ানা, ওহাইও, আলাবামা, জর্জিয়া ও কেনটাকি অঙ্গরাজ্যে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ইন্ডিয়ানাতেই মারা গেছে ১৩ জন। ইন্ডিয়ানার দক্ষিণাঞ্চলীয় নিউ পেকিনের বাসিন্দা ছিল অ্যাঞ্জেল বাবকক। ঝড়ের পর বাড়ির অদূরে একটি মাঠের মধ্যে পাওয়া যায় অ্যাঞ্জেলকে। স্বজনদের লাশের মধ্য থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। দ্রুত কেনটাকির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেনটাকির কোরোনার বব জোসন বলেন, অ্যাঞ্জেলকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল। কিন্তু রোববার সন্ধ্যায় শিশুটির স্বজনেরা কৃত্রিম ব্যবস্থা সরিয়ে নিতে বলেন। ইন্ডিয়ানার জরুরি বিভাগের কর্মকর্তারা অ্যাঞ্জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ইন্ডিয়ানার গভর্নর মিচ ড্যানিয়েলস সিবিএস টেলিভিশনকে বলেন, ‘আমরা যথাসম্ভব প্রস্তুতি নিয়েছিলাম...এবং ঝড়ের পর আমরা খুব দ্রুত উদ্ধারকাজ শেষ করেছি।’ এএফপি।