ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে গতকাল মঙ্গলবার ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী কয়েকটি বাংকার সরিয়ে নিয়েছে। ওই এলাকায় বিরাজমান উত্তেজনা কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) মুখপাত্র প্রভাকর ত্রিপাঠি জানান, শ্রীনগর থেকে ১৬টি নিরাপত্তা বাংকার সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। গত সপ্তাহে শ্রীনগরে রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর বৈঠকের পর বাংকার সরানোর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম কাশ্মীরের ভারতবিরোধী বিক্ষোভ দমনে আট দফার একটি পরিকল্পনা নিয়েছেন। এর অংশ হিসেবে বাংকার অপসারণের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় প্রশাসন পাথর নিক্ষেপের ঘটনায় আটক বেশ কয়েকজন বিক্ষোভকারীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।কাশ্মীরের একটি বিচ্ছিন্নতাবাদী জোটের একাংশের প্রধান মিরওয়াইজ ওমর ফারুক বাংকার সরানোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এই পদক্ষেপ শুধু প্রতীকী হওয়া উচিত নয়। শ্রীনগর ও আশপাশের শহরগুলো থেকে আরও বেশি বাংকার সরানো দরকার।দাতব্য সংস্থা মেডিসিনস সান ফ্রন্টিয়ার্স (এমএসএফ) গতকাল জানায়, কাশ্মীরের স্নায়ুরোগীদের তারা প্রয়োজনীয় সেবা দেওয়া শুরু করেছে। সহিংসতার জন্য গত মাসে তাদের কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছিল।গত জুন মাসে কাঁদানে গ্যাসের শেলের আঘাতে ১৭ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কাশ্মীরে ভারতবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত সহিংসতায় সেখানে ১১০ জনের প্রাণহানি ঘটেছে। এএফপি।