বাংলাদেশ আইএমওর কাউন্সিল সদস্য পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১৪-২০১৫ সালের জন্য আন্তর্জাতিক সমুদ্রবিষয়ক সংস্থায় (আইএমও) ‘বি’ ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য পুনর্নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আইএমওর ২৮তম দ্বিবার্ষিক সাধারণ সভার পঞ্চম দিনে আজ শুক্রবার সংস্থাটির লন্ডনের প্রধান কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

লন্ডনে অবস্থিত বাংলাদেশি হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাশেদ চৌধুরী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএমও জাতিসংঘের সমুদ্র-সংশ্লিষ্ট বিশেষায়িত সংস্থা। এই নির্বাচনে বি ক্যাটাগরিতে নির্বাচিত সদস্য হিসাবে বাংলাদেশ আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখবে।
লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস বলেন, আইএমওতে বাংলাদেশের এ বিজয় বর্তমান সরকারের বৈদেশিক নীতির একটি অর্থবহ কূটনৈতিক সফলতা। এটি নিঃসন্দেহে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে।
লন্ডনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, ১৭০টি দেশের এ সংস্থায় বাংলাদেশের বিজয় সাম্প্রতিক সময়ে বহুপক্ষীয় কূটনীতিতে একটি বিরাট অর্জন ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইক্লিং সমুদ্রবাহিত আন্তর্জাতিক ব্যবসায় একটি শক্তিশালী ও সম্ভাবনাময় দেশ হিসেবে এ বিজয় বাংলাদেশের জন্য খুবই তাত্পর্যপূর্ণ। গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক সংস্থায় পুনর্নির্বাচিত হতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সদস্য দেশগুলোর সঙ্গে গত তিন মাস ধরে ব্যাপক কূটনৈতিক তত্পরতা চালায়। এর ফলে বাংলাদেশ ১৭০টি দেশের মধ্যে ১৩০টিরও বেশি দেশের সমর্থন আদায়ে সফল হয়।
বাংলাদেশ ছাড়া বি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য নির্বাচিত অন্য দেশগুলো হলো আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ভারত, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেন।