বাংলাদেশ হিন্দু মন্দির, মন্ট্রিয়লে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা ও উদ্বোধন

কানাডার মন্ট্রিয়েলে তিন দিনব্যাপী সর্বজনীন সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধনে বাংলাদেশ হিন্দু মন্দির, মন্ট্রিয়েল, কানাডার ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে শাস্ত্রের বিধানবলিতে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে শুভ উদ্বোধন হয়েছে মহাসমারোহে।
২১ জুলাই থেকে ২৩ জুলাই তিন দিনব্যাপী হিন্দু মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার ভক্তিমিশ্রিত আনন্দঘন অনুষ্ঠানে প্রতিদিনই ছিল শাস্ত্রীয় বিধানবলিতে পূজা-অর্চনা ধ্যান, হোম, যজ্ঞ, বেদমন্ত্রের আরাধনাসহ যাবতীয় শাস্ত্রীয় ক্রিয়াদিতে সকাল-সন্ধ্যায় বিপুলসংখ্যক প্রবাসীদের উপস্থিতি ছিল। প্রথম দুদিনে সন্ধ্যায় ছিল রকমারি ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। ২১ জুলাই রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন মল্লিকা পাল। এতে বিশেষ আকর্ষণ ছিল সংগীতশিল্পী নিরোজ বুড়ুয়ার পরিচালনায় ছোট সোনামনিদের কীর্তন ও কীর্তনীয়া। আর অমিয় কুমার দেবের পরিচালনায় ভজনকীর্তন সংবলিত নৌকা বিলাস।
দ্বিতীয় দিন ২২ জুলাই বিশিষ্ট নৃত্যশিল্পী কাত্যায়নী অধিকারীর পরিচালনায় দলীয় নৃত্যে গণেশ বন্দনার মাধ্যমে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন চিন্ময়, দিব্য জ্যোতি, সিনথিয়া, সিলিয়া, নিলয়, ঋক ভট্টাচার্য, দেবাশীষ বার্মা, রবী তালুকদার। নৃত্য পরিচালনা করেন ঈশিতা দাস ও সুপ্রিয়া পাল। অনুষ্ঠান উপস্থাপনা করেন নিতা দেবনাথ ও ববিতা বিশ্বাস।
শেষ দিন ২৩ জুলাই দুপুরে মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় মন্ত্রী, মন্ট্রিয়েলের ডেপুটি মেয়র, কানাডা পার্লামেন্টের এমপি, বিভিন্ন মন্দিরের পুরোহিতসহ গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক প্রবাসীর প্রাণবন্ত ও আনন্দঘন উপস্থিতিতে। সকাল থেকেই পূজা অর্চনা যজ্ঞ সম্পন্ন হওয়ার পাশাপাশি সংগীত শিল্পী বিশ্বজিৎ দে বাবলুর পরিচালনায় ও দেবপ্রিয়াকর রুমার সহযোগিতায় এবং মন্ট্রিয়েলের প্রবাসী শিল্পীবৃন্দের সমবেত
কণ্ঠে ‘আনন্দধারা’ গানের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন হয়।
মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠায় চক্ষু উন্মোচনের অনুষ্ঠানটি উদ্বোধন করেন নবদ্বীপ থেকে আগত গুরুদেব শ্রীমৎ রতন কৃষ্ণ গোস্বামী, পণ্ডিত কেশব দত্ত শাস্ত্রী ও শ্রী অলক ভট্টাচার্য। অনন্যা দেব দিতির পরিচালনায় শিশুদের নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বড়দের নৃত্যে অংশগ্রহণ করেন দীপ্তি পাল, অনন্যা দেব, নিতা দেবনাথ, বিনী দেব ও পূজা দেব চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নবদ্বীপ থেকে আগত গুরুদেব শীমৎ রতনকৃষ্ণ গোস্বামী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুইবেক প্রদেশের বিজ্ঞান, অর্থনীতি ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ম্যাডাম ডমিনিক আংলেড, মন্ট্রিয়েলের ডেপুটি মেয়র মেরী ডরেস, কানাডা পার্লামেন্টের সংসদ সদস্য ডেভিড লামেটি ও অঞ্জু ধিলন। স্বাগত বক্তব্য দেন পুরোহিত অলক ভট্টাচার্য, পণ্ডিত কেশব দত্ত শাস্ত্রী, হিন্দু মন্দিরের সভাপতি স্বপন পাল ও সম্পাদক কৃপেশ পাল। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যুৎ ভৌমিক ও মল্লিকা পাল।
তিন দিনব্যাপী এসব অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন স্বপন পাল, কৃপেশ পাল, কল্লোল সোম পান্না, তাপস ধর, আকাশ কাপালী, অশোক দাস তরুণ, নিতাই দেব, নয়ন রায়, রতন ধর, বাবুল বর্ধন, পুলক তরফদার, প্রবীর ঘোষ, অজয় পাল ও অজয় নাগ। অনুষ্ঠানের তিন দিনই মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা ও শুভ উদ্বোধন উপলক্ষে ‘নীলপদ্ম’ নামে সংকলন প্রকাশিত হয়েছে।