বাংলাদেশকে খুব মনে পড়ে, প্রাণ কাঁদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিপুরার শহীদ ধনঞ্জয় স্মৃতি ইকোপার্ক। ছবি: পলাশ বড়ুয়া
ত্রিপুরার শহীদ ধনঞ্জয় স্মৃতি ইকোপার্ক। ছবি: পলাশ বড়ুয়া

ভারতের দক্ষিণ ত্রিপুরা সাব্রুম মহকুমার জুলাইবাড়ী বাজারে ফল বিক্রি করতে এসেছে রেনু নম দাশ (৫০)। তাঁর আদি বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। স্বামী কৃষ্ণ নম দাশের সঙ্গে মহুরী নদীর চরে নানা ফসল ও ফল উৎপাদন করেন তিনি। রেনু নম দাশ জানান, ১৯৪৭ সালে দেশ ভাগের পর বাবা সচিন্দ্র নম দশ সপরিবারে ভারতে চলে আসেন। তাঁদের আদি বাড়ি বাংলাদেশের ফুলগাজী এলাকায় বলে জেনেছেন। তবে গ্রামের নাম তাঁর জানা নেই। তবে বাংলাদেশে তাঁর আত্মীয়স্বজন রয়েছেন। রেনু নম বললেন, ‘আত্মীয়স্বজনের মুখে শুনেছি বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ। যেতে খুব ইচ্ছা হয়।’ 

সম্প্রতি ভারতের দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এলাকা ঘুরে বাংলাদেশ থেকে ১৯৪৭ সালের দেশ ভাগ ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতে আসা (স্থায়ীভাবে বসবাসরত) অনেকের সঙ্গে কথা বলি। ফেলে যাওয়া দেশকে ভুলতে পারেনি কেউ। সবার মুখে এক কথা, ‘বাংলাদেশকে খুব মনে পড়ে।’ কথা হয় ভারতে বসবাসরত ভবানীপুর, শান্তি বাজার, ঠাকুরছড়া, সাঁচিরামবাড়ী, শ্রীনগর, কলাপাড়া, সাগরডেবা, জাগাবাদ, আভাংছড়া, দক্ষিণ হিছাছড়া, উদয়পুর, ১ নম্বর গুয়াচাঁদ, রাজীবনগর, মনু বাজারসহ বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে। 
জোলাইবাড়ি বাজারের মুদি দোকানদার আশিস রঞ্জন আচার্য (৪৫) জানান, তাঁদের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগো পাড়া গ্রামে। বাবা নীহার রঞ্জন আশ্চার্যী ৬৫ বছর আগে ভারতে চলে আসেন। তাঁর জন্ম ভারতেই। দুই ছেলে এক মেয়ের জনক আশিস আচার্য বলেন, মুদি ব্যবসা সংসার ভালোই চলছে। তাঁর কথা, ‘আমার জন্ম ভারতে হলেও বাংলাদেশকে ভুলতে পারি না।’
জয়ন্ত সেন (৩২) এ বছর বিএ পাস করেছেন। তাঁদের আদি বাড়ি ফেনীর পশুরাম এলাকায়। অনেক বছর আগে দাদু নকুল সেন বাবা নিপল সেনকে নিয়ে ভারতে চলে আসেন। বিএ পাস করে বেকার বসে না থেকে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। জয়ন্ত সেন বলেন, ‘কখনো বাংলাদেশে যাইনি, সুযোগ পেলে একবার যাব।’
উদয়পুর এলাকার জোঠন দত্ত (৩৫)। নিজের দুটি বাস আছে। শ্রীনগর থেকে আগরতলা, আমলিঘাট থেকে মনোঘাট রুটে চলাচল করে। তাঁদের আদি বাড়ি চট্টগ্রামের মিরসরাই। বাবা অমল দত্তের মালিকানাধীন গাড়িগুলো দেখাশোনা করেন। শ্রীরাম কৃষ্ণ মিশনের স্কুলবাসের সহকারী হিসেবে কাজ করেন জ্যোতি গোপাল পাল (৪৮)। বেতন পান মাসে ৪ হাজার ৪০০ রুপি। বাংলাদেশে বাড়ি ছিল পশুরাম এলাকায়। খুব ছোটকালে ভারতে চলে এসেছেন। বাংলাদেশ থেকে এসেছি শুনে একরাশ প্রশ্ন তাঁর। বললেন, ‘বাংলাদেশে কি সংখ্যালঘু নির্যাতন হয়? হিন্দুরা কি ওখানে ভালো আছে?’

ত্রিপুরার হিছাফড়া এলাকায় লাকড়ি সংগ্রহ করে ফিরছেন এক ত্রিপুরা নারী: ছবি: পলাশ বড়ুয়া
ত্রিপুরার হিছাফড়া এলাকায় লাকড়ি সংগ্রহ করে ফিরছেন এক ত্রিপুরা নারী: ছবি: পলাশ বড়ুয়া

উদয়পুর বাজারে বড় ব্যবসায়ী শ্রীদুর্গা ট্রেডার্সের মালিক সুব্রত সাহা (৫২)। তবে তাঁকে সবাই বটু বলেই চেনে। বাড়ি নোয়াখালী এলাকায়। উদয় বাজারে বড় বড় চারটি দোকান রয়েছে তাঁর। বললেন, ‘বাংলাদেশের জন্য প্রাণ কাঁদে, হাজার হলেও আদি পুরুষের মাতৃভূমি তো।’
এক পুরুষ, দুই পুরুষ আগে বা নিজেরই ছোটবেলায় আসা এসব মানুষ আছেন ভালো-মন্দ মিলিয়ে। জটিল জীবনযুদ্ধে দিন ফেরেনি অনেকেরই। এদের একজন চৌমুহনী থেকে আসা তুলসী রানি দাশ (৬০)। উদয়পুর কালীমন্দিরে ভিক্ষা করছিলেন তিনি। জানান, ১৯৭১ সালে যুদ্ধের সময় সোনাগাজী গ্রামে তাঁদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। তখন কার সঙ্গে যেন তিনি ভারতে চলে আসেন। বিয়ে করেননি। ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করেন। 
সরেজমিন সাব্রুম থেকে উদয়পুর প্রায় ১০০ কিলোমিটার পথ যেতে যেতে দেখা যায়, এক থেকে দেড় কিলোমিটার পরপর একটি উচ্চবিদ্যালয়। সবই সরকারি। রাস্তায় চোখে পড়ে কিশোরীরা সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছে। পাহাড় থেকে ত্রিপুরা নারী লাকড়ি নিয়ে ফিরছেন। কোনো কোনো এলাকায় চলছে হাইওয়ে নির্মাণের কাজ। অনেকাংশই শেষ হয়েছে। সড়কে বাঁকগুলো সোজা করার কাজ চলছে। সেই পথ ফেলে, বাংলাদেশের জন্য স্মৃতিকাতর অনেক মানুষকে ফেলে আমি ফিরে চলেছি। নতুন অনেক স্মৃতি নিয়ে।