বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ফিরে যেতে হবে: মোদি

কঠোর সমালোচনা সত্ত্বেও নিজের কথায় অটল থেকে নরেন্দ্র মোদি বলেছেন, ভারত থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরে যেতে হবে। বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে এমন শরণার্থীরা এখানেই থাকবেন। তিনি বলেন, ‘তারা আমাদেরই পরিবার।’
গতকাল বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর ও উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে দুটি নির্বাচনী জনসভায় মোদি এসব কথা বলেন।
এর আগে গত ২৭ এপ্রিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে ও গত রোববার বাঁকুড়ায় নির্বাচনী জনসভায় মোদি বলেছিলেন, ‘ভোটের পর অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশকারী ইস্যুতে হঠাত্ সুর বদলে ফেলায় প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ২০০৫ সালে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের নিয়ে সোচ্চার হয়েছিলেন। আজ তিনি হঠাত্ সুর বদলে ফেলেছেন। অনুপ্রবেশকারীদের নিয়ে মমতা তাঁর ভোটব্যাংক সুরক্ষিত করার জন্য এই চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেন মোদি।
২০০৫ সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে মমতা এই অনুপ্রবেশ ইস্যুতে পার্লামেন্টে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছিলেন। অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে কিছু বলতে না দেওয়ায় সেদিন লোকসভা অধিবেশনে স্পিকারের চেয়ারে বসা ডেপুটি স্পিকার চরণজিত্ সিং অটোয়ালকে লক্ষ্য করে ফাইল এবং চাদর ছুড়ে মেরেছিলেন মমতা।
ওই সময় মমতার অভিযোগ ছিল, রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক হিসাবে ব্যবহার করতে চাইছে শাসক দল সিপিএম তথা বামফ্রন্ট। মমতার অভিযোগ ছিল, অনুপ্রবেশকারীদের রেশন কার্ড, ভোটার কার্ডসহ একাধিক সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছিল বামফ্রন্ট সরকার। শুধু তা-ই নয়, সেদিন মমতা রেশন কার্ডের অধিকারী বাংলাদেশিদের একটি তালিকা তৈরি করে তা ফাইলবন্দি করেছিলেন। কিন্তু সংসদে এ নিয়ে কথা বলতে না পারায় মমতা সেই ফাইল এবং চাদর ছুড়ে মেরেছিলেন।
এদিকে মোদি মমতাকে কটাক্ষ করে আরও বলেছেন, ‘দিদির এত রাগ ভালো নয়। আমি চাই না দিদি অসুস্থ হয়ে পড়ুন। বাংলার মানুষ আমাকে এত ভালোবাসেন। তাতে দিদি রাগ করছেন কেন?’
মোদি বলেন, ‘কেন দিদি এত ভয় পাচ্ছেন? কারণ, দিদির একটাই ভয়, যদি মোদি ক্ষমতায় আসেন।’
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মোদি বলেছেন তিনি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রতি সম্মান জানাতেই এ কাজ করবেন।
মোদি বলেন, ‘সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে রয়েছে, অনুপ্রবেশ ভারতের জন্য আগ্রাসনের মতো একটি কাজ। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণের প্রতি সম্মান জানাতে আমার কোনো দ্বিধা নেই। আর আদালত যা বলেছেন, এর বাস্তবায়ন ঘটাতে হবে।’ তবে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের বিষয়টি ভিন্ন। তাদের পুনর্বাসন করা ভারতের সব রাজ্যের দায়িত্ব।
গুজরাটের মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে দুই ধরনের বাংলাদেশি রয়েছে। এদের মধ্যে এক শ্রেণী হচ্ছে অনুপ্রবেশকারী, আরেক শ্রেণী বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এসব শরণার্থী আমাদেরই পরিবারের অংশ। গুজরাট বা রাজস্থান যেখানেই হোক, শরণার্থীদের সসম্মানে পুনর্বাসন করা আমাদের দায়িত্ব।’
মোদি সারদাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করুন। তিনি প্রশ্ন করেন, কেন পশ্চিমবঙ্গে একজন নারী মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এই রাজ্যে নারী নির্যাতন বাড়ছে? কেন পশ্চিমবঙ্গে এত ধর্ষণের ঘটনা ঘটছে? এর জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীর। মোদি এ কথাও বলেন, মমতা এভাবে বদলে যাবেন তা তিনি ভাবেননি।