বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আবু তাহের, জুনাব আলী, লিও আহমেদ
ফারুক আবু তাহের, জুনাব আলী, লিও আহমেদ

ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার৷ এতে এই প্রথমবারের মতো তিনটি দেশ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
ইউরোপীয় পার্লামেন্টের ৭৫১টি আসনের মধ্যে ৭৩টি আসন যুক্তরাজ্যের৷ এখানে ভোট অনুষ্ঠিত হবে আজ৷ তবে বাকি ২৭টি সদস্যরাষ্ট্রের অধিকাংশেই ভোট গ্রহণ হবে ২৫ মে৷
বাংলাদেশি বংশোদ্ভূত যে তিনজন প্রার্থী ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বা এমইপি হওয়ার দৌড়ে রয়েছেন, তাঁরা হলেন ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সুইন্ডন এলাকায় লেবার পার্টির প্রার্থী জুনাব আলী, সুইডেনের বামপন্থী দল ভ্যানস্টারপার্টিয়েট প্রার্থী লিও আহমেদ এবং ফিনল্যান্ডের বামপন্থী বাসেমিস্তো দলের প্রার্থী ফারুক আবু তাহের৷ এ ছাড়া লন্ডনের বাংলাদেশি-প্রধান পৌর এলাকা টাওয়ার হ্যামলেটসের বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম মেয়র লুৎফর রহমানের পুনর্নির্বাচনের লড়াইও হবে আজ৷ এদিকে গতকালই টাওয়ার হ্যামলেটসের এক বাংলাদেশি কাউন্সিলর পদপ্রার্থী হিফজুর রহমান হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন৷ এতে তাঁর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন স্থগিত করা হয়েছে৷
যুক্তরাজ্যে আলাদা দিনে ভোট হলেও গণনা করা হবে ইউরোপের অন্য দেশগুলোর মতোই ২৫ মে রোববার৷ জনমত জরিপগুলোতে ইঙ্গিত মিলছে, যুক্তরাজ্যে এ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে ইচ্ছুক চরম ডানপন্থী দল ইউকে ইনডিপেনডেন্স পার্টি বা ইউকিপ সবচেয়ে বেশিসংখ্যক আসন পাবে৷ লেবার দ্বিতীয়, ক্ষমতাসীন জোটের প্রধান শিরক কনজারভেটিভ তৃতীয় এবং লিবারেল ডেমোক্র্যাটরা চতুর্থ বা পঞ্চম স্থান পেতে পারে৷ অনেকেরই আশঙ্কা, যুক্তরাজ্যে ইউকিপের উত্থান অভিবাসনবিরোধী রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে৷ ইতিমধ্যেই দলটির বিরুদ্ধে বর্ণবাদী প্রচারণার অভিযোগ উঠেছে৷ সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের অন্য কয়েকটি দেশ—ফ্রান্স, নেদারল্যান্ডস ও গ্রিসে উত্থান হওয়া অভিবাসনবিরোধী ও বর্ণবাদী রাজনৈতিক দলগুলোরও এগিয়ে থাকার ইঙ্গিত মিলছে বিভিন্ন জরিপে৷
যুক্তরাজ্যে আলাদা দিনে ভোট গ্রহণের কারণ হচ্ছে এখানকার স্থানীয় সরকার নির্বাচন৷ এদিন ইংল্যান্ডের ১৬১টি পৌর কর্তৃপক্ষের নির্বাচন হবে৷ এর মধ্যে লন্ডনের ৩২টি কাউন্সিলের দিকেই সবার নজর নিবদ্ধ থাকবে৷ কেননা এগুলোতে লেবার ও কনজারভেটিভদের সাফল্যের মধ্যেই আগামী বছরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের প্রবণতার ইঙ্গিত মিলবে বলে ধারণা করা হয়৷
এ ছাড়া লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচন নিয়েও রয়েছে বিশেষ আগ্রহ৷ সেখানকার মেয়র লুৎফর রহমানের বিরুদ্ধেও বাংলাদেশি ও সোমালি জনগোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল৷ বিবিসি এ নিয়ে একটি অনুষ্ঠান সম্প্রচার করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় সেখানে বিশেষ নিরীক্ষা দল পাঠায়৷ তবে পুলিশের তদন্তে কোনো ধরনের জালিয়াতি বা অপরাধমূলক অনিয়মের প্রমাণ না পাওয়ার কথা জানানো হয়৷ আগের মতোই লেবার পার্টির জন বিগস এবারও লুৎফরের প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন বলে ধারণা চালু রয়েছে৷ ইংল্যান্ডের সবচেয়ে বড় বাজেটের অধিকারী কাউন্সিল টাওয়ার হ্যামলেটসের ভোট গণনা হবে পরদিন শুক্রবার৷
ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্বের৷ অর্থাৎ দলগুলো প্রদত্ত ভোটের অনুপাতে আসন পেয়ে থাকে এবং সেই আসনগুলোতে ঘোষিত প্রার্থী তালিকার ক্রমানুসারে এমইপি নির্বাচিত হন৷ যুক্তরাজ্য, সুইডেন ও ফিনল্যান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত তিন প্রার্থীর অবস্থান তাঁদের দলীয় তালিকায় হয় মাঝামাঝি, নয়তো শেষের দিকে৷ তাঁদের মধ্যে জুনাব আলী যুক্তরাজ্যের সুইন্ডন কাউন্সিলে পর পর দ্বিতীয়বারের মতো নির্বাচিত কাউন্সিলর৷ সুইডেনের লিও আহমেদও ২০১০ সাল থেকে তাঁর পৌর এলাকায় কাউন্সিলর হিসেবে কাজ করছেন বলে জানান৷ ফিনল্যান্ডের ফারুক আবু তাহের জানান, তিনি সক্রিয়ভাবে ফিনিশ রাজনীতিতে অংশ নিচ্ছেন মাত্র কয়েক মাস ধরে৷ এঁরা কেউই প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ত নন৷