বাংলাদেশি বন্দীদের জন্য আলাদা কারাগার?
কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের বিভিন্ন কারাগারে বন্দী বাংলাদেশিদের খরচের টাকা দাবি করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের কারা দপ্তর এই দাবি তুলেছে। সম্প্রতি এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দেওয়া হয়েছে।
রাজ্যের কারা দপ্তর সূত্র জানায়, রাজ্যের বন্দীদের কারাগারে থাকা-খাওয়ার খরচ বহন করে আসছে রাজ্য সরকার। রাজ্য সরকারের যুক্তি, কেন তারা অন্য একটি দেশের বন্দীদের খরচ চালাবে। পশ্চিমবঙ্গের দাবি, বাংলাদেশি বন্দীদের খরচ চালানোর কথা কেন্দ্রীয় সরকারের। রাজ্যের বিভিন্ন কারাগারে বাংলাদেশি বন্দীদের খাওয়াতে বছরে খরচ হয় ১৯ কোটি রুপি।
রাজ্যের কারা কর্তৃপক্ষ বাংলাদেশি বন্দীদের জন্য আলাদা কারাগার নির্মাণেরও প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যের অর্থ মন্ত্রকে। প্রস্তাবে বলা হয়েছে, আলীপুরের প্রেসিডেন্সি কারাগারের ভেতরে অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে। যেখানে অন্তত ২৫০ জন বন্দী রাখার জন্য একটি কারাগার নির্মাণ করা যায়। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে অন্তত পাঁচ হাজারের মতো বাংলাদেশি বন্দী রয়েছে। অনেক বন্দীর কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তারা কূটনীতির বেড়াজালে আটকে পড়ে দেশে ফিরে যেতে পারছে না।