বাংলাদেশিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৫ সালে লোকসভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। মমতার অভিযোগ ছিল, রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করতে চাইছে শাসক দল সিপিএম তথা বামফ্রন্ট।
গতকাল সোমবার সংবাদ সম্মেলনে মমতার এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এ অভিযোগ তোলেন রাহুল।
রাহুল সিনহা বলেন, ২০০৫ সালে ইউপিএ সরকারের আমলে মমতা এই অনুপ্রবেশ ইস্যুতে লোকসভা উত্তপ্ত করেছিলেন। এই ইস্যুতে মমতাকে কিছু বলতে না দেওয়ায় সেদিন লোকসভা অধিবেশনে ডেপুটি স্পিকার চরণজিত্ সিং অটোয়ালকে লক্ষ্য করে ফাইল ও চাদর ছুড়ে মেরেছিলেন তিনি।
বিজেপির নেতা রাহুল বলেন, মোদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফিরে যাওয়ার কথা বলার পর তাঁর কোমরে দড়ি পরানোর কথা বলেছেন মমতা। কিন্তু এক সময় তো মমতা একই ইস্যুতে সরব হয়েছিলেন। কিন্তু তাঁর তো বিচার হলো না। ওই ঘটনার জন্য এখন মমতার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। রাহুল সিনহা বলেন, যারা সারদাকাণ্ড ঘটায়, তাদের কোমরেই বরং দড়ি পরানো উচিত।
বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে গত রোববার পশ্চিমবঙ্গের আসানসোলে বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি বলেছিলেন, বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের থাকার অনুমতি দেওয়া হলেও অনুপ্রবেশকারীদের এই রাজ্য থেকে বিতাড়ন করা হবে। মোদির এই ঘোষণার পর খেপে যান মমতা। ওই দিনই তিনি কৃষ্ণনগরে আয়োজিত তৃণমূলের এক সমাবেশে মোদির কঠোর সমালোচনা করে বলেন, মোদি পশ্চিমবঙ্গে হিন্দু-মুসলমানদের মধ্যে বিভাজন করতে চাইছেন। পশ্চিমবঙ্গের মানুষ তা মেনে নেবে না।
অধীর চৌধুরীর হুমকি: ‘আমি বাংলাদেশি, পারলে আমাকে তাড়ান’
জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরীও সোমবার দুপুরে খড়গপুরে কংগ্রেসের এক নির্বাচনী সমাবেশে মোদির উদ্দেশে বলেছেন, ‘আমিও বাংলাদেশি। আমাকে তাড়িয়ে দেখুন। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনার যদি ক্ষমতা থাকে আমাকে বাংলাদেশে তাড়িয়ে দিন।’ তিনি বলেন, ‘আপনার কথায় যদি বাংলাদেশি তাড়াতে হয়, তবে আগামী দিনে ইউরোপ আমেরিকায়ও গুজরাটি বিতাড়নের কথা উঠবে।’
নিন্দা বামফ্রন্টের
বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন, বাংলাদেশিদের ফেরত পাঠানোর নাম করে মোদি যা বলছেন, তা বাঙাল খেদাও আন্দোলনে পরিণত হবে। তিনি বলেন, প্রথমবার তৃণমূলের হাত ধরে এই রাজ্যে ঢুকেছিল বিজেপি। তাই এই দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রীও।