বাংলাদেশির শ্লীলতাহানির অভিযোগে বিএসএফ সদস্য সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানায় আটক বাংলাদেশি এক নারীর শ্লীলতাহানির অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকা ও উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানা সূত্রে জানা গেছে, গত বুধবার উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার আংরাইল এলাকার ক্ষেতপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে ওই নারী ও তাঁর ছয় বছর বয়সী ছেলেসন্তান ছিলেন। সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের সদস্যরা টের পেয়ে তাঁদের তাড়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ওই নারী তাঁর ছেলেসহ পাশের একটি লেবু বাগানে আশ্রয় নেন। এ সময় বিএসএফের এক সদস্য তাঁকে ধরে ফেলে। পরে তাঁকে গাইঘাটা থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশি ওই নারীর বাড়ি নড়াইল জেলায়। তিনি ভারতের মুম্বাইয়ে পরিচারিকার কাজ করেন। অসুস্থ বাবাকে দেখতে তিনি দেশের বাড়ি যাচ্ছিলেন।

ওই নারীর অভিযোগের বরাত দিয়ে থানা কর্তৃপক্ষ জানায়, আটকের পর বুধবার বিএসএফের সদস্য সুরজিত্ দেব বর্মা ছেলের সামনেই তাঁর শ্লীলতাহানি করেন। গাইঘাটা থানা ঘটনার বিবরণ শুনে পৃথক দুটি মামলা দায়ের করেছে। একটি অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই নারীর বিরুদ্ধে। আরেকটি শ্লীলতাহানির অভিযোগে বিএসএফ জওয়ান সুরজিত্ দেব বর্মার বিরুদ্ধে। বিএসএফ সূত্রে জানা গেছে, সুরজিত্ দেব বর্মাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে বিভাগীয় পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুরজিত্ দেব বর্মার বাড়ি ত্রিপুরা রাজ্যে।

গতকাল ওই বাংলাদেশি নারীর ডাক্তারি পরীক্ষার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমার একটি আদালত। তাঁকে বনগাঁ কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।