বাংলাদেশের কারখানা-বিষয়ক নীতিমালা প্রণয়নে বৈঠকে যুক্তরাষ্ট্রের বিক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
U.S. Retailers
U.S. Retailers

বাংলাদেশের পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নে ওয়াল-মার্ট স্টোরস ইনকরপোরেশন, গ্যাপ ইনকরপোরেশনসহ যুক্তরাষ্ট্রের প্রধান খুচরা পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো আজ মঙ্গলবার শিকাগোতে এক বৈঠকে মিলিত হচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে আজ মঙ্গলবার বলা হয়েছে, এক মাস আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি বৃহদাকার পোশাক বিক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশের পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ নিশ্চিতের জন্য নীতিগতভাবে একমত হয়। তবে কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য মালিকদের বাধ্য করার সাধ্য এসব বিক্রেতার আছে কি না, সেটিই বড় প্রশ্ন।
২০টির বেশি কোম্পানির সমন্বয়ে গঠিত অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি (বাংলাদেশের শ্রমিক রক্ষাকারী জোট) আজ তার বৈঠকে নতুন পরিচালনা পরিষদ, জোটে অংশগ্রহণকারী নতুন কোম্পানিকে পরিচিত করানো ছাড়াও বাংলাদেশের কারখানাগুলোতে আগুন নিয়ন্ত্রণ ও ভবন নির্মাণ বিষয়ে একটি আদর্শমান ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে জোটটি ১০ সেপ্টেম্বরের মধ্যে তার পরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছিল।

অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি (এবিডব্লিউএস) জোটটি জানিয়েছে, ইতিমধ্যে সাড়ে চার লাখ ডলারের তহবিল বণ্টন করা হয়েছে। তবে বিদেশি কারখানাগুলোকে ও কর্মসূচিগুলোতে কীভাবে তহবিল দেওয়া হবে, তা নিশ্চিতের জন্য জোটটি একজন নির্বাহী পরিচালক ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সাহায্য নেওয়ার কথা ভাবছে।

এ জোটটি গত মাসে এক পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে। এর অধীনে শ্রমিক প্রশিক্ষণ ও কারখানা পরিদর্শনের ব্যবস্থা নেওয়া হবে। কারখানার নিরাপত্তা নিশ্চিতের জন্য খরচ মালিকদেরই বহন করতে হবে, তবে এ কাজে সহযোগিতার জন্য জোটটির ১০ কোটি ডলারের একটি তহবিল থাকছে।

সমালোচনা

এ জোটের সাফল্য নিয়ে ইতিমধ্যে আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। প্রতিবেদনে বলা হয়েছে, জোটের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো, এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির অংশগ্রহণ থাকলেও শ্রমিক সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি।

অনেক সমালোচক বলছেন, যত দিন এ ধরনের জোটগুলো বেতনধারী কারখানা পরিদর্শকদের দিয়ে কাজ করাবে এবং পরিদর্শনের ওপর বিধিনিষেধ আরোপ করতে থাকবে, তত দিন এর উদ্দেশ্য সফল হওয়ার কোনো কারণ নেই। আবার কোম্পানিগুলোকে নিরাপত্তা বিধি মেনে চলার জন্য বাধ্য করবে এমন কমিটি যদি তাদের মধ্য থেকেই নির্বাচিত করা হয়, তবে কাজের কাজ কিছুতেই হবে না।

ইউরোপভিত্তিক খুচরা বিক্রেতাদের নিয়ে একই ধরনের আরেকটি জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম। এটির নির্বাহী পরিচালক স্কট নোভা বলেন, ‘জোটটি (এবিডব্লিউএস) কোম্পানি ও কারখানা কর্তৃপক্ষকে দায়িত্ব দিচ্ছে নিজেদের পর্যবেক্ষণের জন্য। তারা মানুষকে বলতে চায়, এটি একটি বিকল্প পন্থা। কিন্তু এতে কয়েক দশক ধরে কোম্পানিগুলো যা করেছে, তার ব্যতিক্রম কিছু হবে না।’

পরিচালনাপরিষদ

অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি (এবিডব্লিউএস) আট সদস্যের একটি পরিষদ গঠন করতে চলেছে। এর অন্তর্ভুক্ত থাকবে চারটি প্রতিষ্ঠান— টার্গেট, ওয়াল-মার্ট, গ্যাপ ও ভিএফ করপোরেশন।

এ ছাড়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জিম মরিয়ার্টি, অগ্নিকাণ্ড নিরোধ বিশেষজ্ঞ র্যান্ডি টাকারও পরিষদে থাকছেন বলে জানিয়েছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। এ দুজনই এর আগে বিভিন্ন কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশের ব্র্যাক ব্যাংক লিমিটেডের নির্বাহী পরিচালক মুহাম্মদ রুমি আলী ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনের (বিইজএমইএ) সভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম কমিটিতে অন্তর্ভুক্ত হতে চলেছেন।

ওয়াশিংটনের একটি আইনি প্রতিষ্ঠানে কর্মরত ও যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা এলেন ওকেন তাউশার পরিষদের সভাপতি নির্বাচিত হতে পারেন। বর্তমানে ডেমোক্রেটিক পার্টির নেতা এ নারী বলেন, তাঁর কাজ হবে একজন স্বাধীন পরিদর্শক হিসেবে কাজ করা এবং কোম্পানিগুলোকে তাদের সাধ্যমতো নিরাপত্তা-ব্যবস্থা নিশ্চিতে সহায়তা করা।

এলেন ওকেন তাউশার বলেন, ‘এ ধরনের কোনো কোম্পানিতে এর আগে নিয়োজিত ছিলাম না বলে এর সঙ্গে আমার কোনো সংঘাত নেই।’