বাংলাদেশের বাতাসে টাকা ওড়ে!
বিশ্বের পোশাকশিল্পের বাজারে শীর্ষস্থানীয় রপ্তানিকারকদের মধ্যে চীন ও ইতালির পরই বাংলাদেশের অবস্থান। এ দেশে শ্রম খুব সস্তা হওয়ায় তা সহজেই বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করে। অন্যদিকে দেশীয় উদ্যোক্তারাও শ্রমিককে শোষণ করে গড়ে তোলেন মুনাফার পাহাড়।বাংলাদেশের পোশাক কারখানাগুলোর নিম্নমানের কর্মপরিবেশের বিষয়ে সম্যক ধারণা রয়েছে বিদেশি ক্রেতাদের। তা সত্ত্বেও লাভ-ক্ষতির নির্মম হিসাব-নিকাশের জাঁতাকলে সে বিবেচনা প্রায়শই চাপা পড়ে যায়। গত ৩ মে যুক্তরাষ্ট্রের বিখ্যাত অর্থনৈতিক দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে এমনই চিত্র উঠে এসেছে।সাভারে রানা প্লাজা ধসের ঘটনা এখন সারা বিশ্বের জানা। এ ঘটনা খানিকটা হলেও নাড়া দিয়েছে বিশ্বের তৈরি পোশাকশিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট মহলকে।পত্রিকাটি লিখেছে, এ ঘটনার পর বাংলাদেশের কাছ থেকে পোশাক কেনা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াল মার্ট ও সুইডেনের হেনেজ অ্যান্ড মরিজের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। তবে আদৌ কি বাংলাদেশের মতো লোভনীয় এই বাজার ছেড়ে দেবে তারা?সাভারের রানা প্লাজায় যে পাঁচটি পোশাক কারখানা ছিল, তাদের অন্যতম নিউ ওয়েভ স্টাইল ও তার ইতালীয় ক্রেতা বেনেতনের সম্পর্ক তুলে ধরে এ বিষয়টিই পরিষ্কার করতে চেয়েছে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর ওই প্রতিবেদন।নিউ ওয়েভ স্টাইলের এক মালিক বজলুস সামাদ আদনানের এক বন্ধুর স্মৃতি রোমন্থনের কথা উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।আদনান বলতেন, ‘বাংলাদেশের বাতাসে টাকা ওড়ে।শুধু জানতে হয় যে কীভাবে তা ধরতে হয়।’
বজলুস সামাদ আদনান ও মাহমুদুর রহমান তাপস ২০০৬ সালে যত্সামান্য পারিবারিক পুঁজির ওপর নির্ভর করে নিউ ওয়েভ স্টাইল নামের পোশাক কারখানাটি চালু করেন। কয়েক বছরের মধ্যেই তাঁদের এই পোশাক কারখানা বিশ্বের নামীদামি ব্র্যান্ডের কাছ থেকে কাজ পেতে শুরু করে। শুরুটা ভালোই যাচ্ছিল। উন্নতিও হচ্ছিল দ্রুততার সঙ্গে। এসব কিছু সত্ত্বেও অচিরেই লোকসানের মুখে পড়তে হয় নিউ ওয়েভ স্টাইলকে।
এদিকে ইতালির অন্যতম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বেনেতন। সাব-কনট্রাক্টের মাধ্যমে নানা দেশ থেকে পোশাক কিনত প্রতিষ্ঠানটি। তবে প্রতিযোগিতামূলক বাজারে আরও দুটি বিখ্যাত ব্র্যান্ড এইচ অ্যান্ড এম ও জারার সঙ্গে পাল্লা দিতে বেশ হিমশিম খেতে হচ্ছিল বেনেতনকে। জারা ও এইচ অ্যান্ড এম অনেক সস্তা দামে তৈরি পোশাক বিক্রি করা শুরু করে। অতটা কম দামে পোশাক বিক্রি করতে পারছিল না বেনেতন।
এমন অবস্থায় বাংলাদেশের মতো সস্তা শ্রমের দেশ থেকে পোশাক কিনে প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
বেনেতনের কর্মকর্তা খুঁজে বের করেন নিউ ওয়েভ স্টাইলকে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা ছিল, অল্প সময়ে অনেক বেশি অর্ডারের কাজ সম্পন্ন করতে পারবে তারা।
এভাবেই বেনেতন ও নিউ ওয়েভের একসঙ্গে যাত্রা শুরু। বেনেতনের কাছ থেকে অর্ডার পেয়ে প্রাণ ফিরে পায় লোকসানে ডুবে থাকা নিউ ওয়েভ স্টাইলও।
কাজ শুরুর পর থেকে বেশ কয়েকবার বাংলাদেশে নিউ ওয়েভ স্টাইলের কারখানা পরিদর্শন করে গেছেন বেনেতনের কর্তাব্যক্তিরা। সে সময় দুর্যোগ মোকাবিলায় শ্রমিকদের প্রশিক্ষণের অভাব, প্রাথমিক চিকিত্সাসেবার অপ্রতুলতাসহ কারখানাটির বেশ কিছু অব্যবস্থাপনা তাঁদের চোখে পড়ে। তা সত্ত্বেও বেনেতনের কাছ থেকে আরও বেশি কাজের অর্ডার পেতে থাকে নিউ ওয়েভ স্টাইল।
রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় ওই পোশাক কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার পর এক বিবৃতিতে বেনেতনের পক্ষ থেকে বলা হয়, এটি এমন একটি মর্মান্তিক ঘটনা, যা পোশাকশিল্পের সঙ্গে জড়িত সবাইকেই ব্যাপকভাবে নাড়া দিয়েছে। রানা প্লাজা ধসের ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের সহায়তায় তহবিল গঠন করা হবে বলে বিবৃতিতে জানায় বেনেতন।