
মাস চারেক আগে সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত পোশাকশ্রমিক ও তাঁদের পরিবার এখনো প্রতিশ্রুত ক্ষতিপূরণ পায়নি। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর সম্পাদকীয়তে এ কথা বলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের এ ধরনের প্রতিশ্রুতি ভঙ্গকে দুঃখজনক বলেও মন্তব্য করেছে আর্থার ওকস সালসবার্গারের মালিকানাধীন দ্য নিউইয়র্ক টাইমস কোম্পানির পত্রিকাটি।
‘বাংলাদেশেজ ওয়ার্কার্স ডিজার্ভ বেটার’ শিরোনামের সম্পাদকীয়তে পত্রিকাটি বলছে, ‘খুবই অব্যবস্থাপনার মধ্যে নির্মিত আটতলা ভবনটি ধসে পড়ার পর প্রধানমন্ত্রী হাসিনা প্রত্যেক নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে নগদ এক হাজার ২৫০ ডলার (এক লাখ টাকা) ও ১৯ হাজার ডলারের (প্রায় ১৫ লাখ টাকা) সঞ্চয়পত্র দেওয়ার ঘোষণা দেন; যদিও তরুণ নারী ও পুরুষ শ্রমিকদের জন্য এ ক্ষতিপূরণ যথেষ্ট নয়। আইনত এ ক্ষতিপূরণ মালিকদের দেওয়ার কথা থাকলেও ধারণা করা হচ্ছে, সরকার ও মালিকেরা ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া চাঁদা থেকে এ ক্ষতিপূরণ দেওয়া হবে।’
শ্রমিকের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ধীর তত্পরতা ও কাজে অনিয়মের অভিযোগ করা হয়েছে। বেশির ভাগ অর্থ এখনো শ্রমিকদের মধ্যে বণ্টিত হয়নি বলে মন্তব্য করা হয় পত্রিকার সম্পাদকীয়তে। ওয়াশিংটনভিত্তিক ট্রেড ইউনিয়ন সংগঠন সংস্থা সলিডারিটি সেন্টারের সরবরাহ করা তথ্য উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে, ‘এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত সাত হাজার ৭৭টি পরিবারের প্রতিটিকে এক হাজার ২৫০ ডলার থেকে পাঁচ হাজার ডলার দেওয়া হয়েছে। প্রতিশ্রুত অর্থের তুলনায় তা নগণ্য।’ সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, ‘সরকারের কাজে ধীরগতির কারণে এখনো প্রায় ৩০০ মৃতদেহের পরিচয় উদ্ধার করা যায়নি এবং এ কারণে অনেক পরিবার এতটুকুও ক্ষতিপূরণও পাচ্ছে না।’ ‘শেখ হাসিনার সরকার আরও ভালোভাবে কাজ করতে পারত’ বলেও মন্তব্য করা হয়েছে সম্পাদকীয়তে।
বাংলাদেশের শ্রমিক সংগঠন ও আইনি সহায়তা কেন্দ্রগুলোর বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ‘ঠিক কাদের অর্থ দেওয়া হচ্ছে, তা সরকার এখনো জানাচ্ছে না। কেন কিছু কিছু পরিবারকে অন্যদের তুলনায় বেশি ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তারও ব্যাখ্যা নেই। ১৯ হাজার ডলারের সঞ্চয়পত্র কাদের দেওয়া হবে, সে জবাবও মিলছে না।’
‘ক্ষতিপূরণ বণ্টন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়, কিন্তু তা সুষ্ঠুভাবে বণ্টনের জন্য ও মৃতদেহগুলোর পরিচয় উদ্ধারে একটি স্বাধীন প্রশাসন একান্তই দরকার,’ লিখেছে পত্রিকাটি। আরও বলা হয়, রানা প্লাজায় অবস্থিত কারখানাগুলোতে যে দুই ডজনের মতো পশ্চিমা কোম্পানি পোশাকের ফরমায়েশ দিত, তাদেরও ক্ষতিপূরণ দেওয়া উচিত।
সম্পাদকীয়তে আরও মন্তব্য করা হয়, ‘রানা প্লাজার ধস পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের কারখানাগুলোতে কর্মপরিবেশ কী ভয়ংকর ও বীভত্স! এ ধরনের পরিবেশের জন্য যাঁরা ক্ষতিগ্রস্ত ও নিহত হয়েছেন, তাঁদের প্রতি এখন দৃষ্টি দেওয়া আবশ্যক।’