বাংলাদেশের সংবাদ প্রকাশে ভারতীয় সংবাদমাধ্যমের যথার্থ ভূমিকা দাবি

বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র ও সংবাদমাধ্যমে ভারতসহ পশ্চিমবঙ্গের সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু ভারতীয় বা কলকাতার সংবাদপত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ সেভাবে ঠাঁই পায় না। শুধু তাই নয়, বাংলাদেশে ভারতীয় টেলিভিশন চ্যানেল দেখা গেলেও ভারতে বাংলাদেশের টিভি চ্যানেল অনুপস্থিত। এতে করে দুই দেশের সম্পর্কোন্নয়নে সংবাদমাধ্যমের ভূমিকা গৌণ হয়ে পড়ে।
আজ সোমবার সকালে কলকাতার বিরলা ইনস্টিটিউট অব টেকনোলজির সভাঘরে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক দৃঢ়করণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন আলোচকেরা। তাঁরা বলেন, বাংলাভাষী একটি রাজ্য ও একটি দেশের সম্পর্ক দৃঢ়করণে দুই দেশের সংবাদপত্রকে সংবাদ প্রকাশের চিন্তাজগতে সহমর্মিতা আনতে হবে। এতে করে সম্পর্কের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আরও দৃঢ় হবে।
সেমিনারে বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট সাংবাদিকেরা অংশ নেন। সভার সমন্বয়কারী ছিলেন কলকাতার চিত্রপরিচালক গৌতম ঘোষ ও বাংলাদেশের নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। এতে বাংলাদেশের পক্ষে মূল প্রবন্ধ পাঠ করেন প্রবীণ সাংবাদিক বদরুল হাসান (ডেইলি স্টার), আর ভারতের পক্ষে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপিকা লিপি ঘোষ।
বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশ নেন সাংবাদিক আবেদ খান, আনিসুল হক (প্রথম আলো), মনজুরুল আহসান বুলবুল (বৈশাখী টিভি), শাহনাজ বেগম (ডেইলি ইনডিপেনডেন্ট), আশীষ সৈকত (ইত্তেফাক), জয়ন্ত আচার্য (ভি নিউজ অনলাইন) প্রমুখ।
ভারতের পক্ষে আলোচনায় অংশ নেন রন্তিদেব সেনগুপ্ত (বর্তমান), মৃদুল দাশগুপ্ত (আজকাল), পংকজ সাহা (সাবেক সাংবাদিক আকাশবাণী ও দূরদর্শন), স্নেহাশীষ শুর (দূরদর্শন), সৌম্য বন্দ্যোপাধ্যায় (প্রথম আলো, দিল্লি প্রতিনিধি) প্রমুখ।
গৌতম ঘোষ বলেন, ‘আমাদের এই ভ্রাতৃপ্রতিম দুই দেশের সম্পর্কোন্নয়নে দুই দেশেরই সংবাদপত্রকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। আমার খারাপ লাগে, যখন আমি বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল কলকাতায় দেখতে পাই না।’
নাসির উদ্দীন ইউসুফ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডের যে বাড়িতে বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় গড়া হয়েছিল, সেটি বাংলাদেশ ভবন হিসেবে সংরক্ষণের দাবি জানান।