চীনের রাজধানী বেইজিংয়ের বাসিন্দা দাই হাইপিং একসময় কৃষিবিদ হিসেবে কাজ করতেন। এখন অবসরে। এখন তাঁর বয়স ৫৯ বছর। এ বয়সে এসেও দাই পারতপক্ষে গাড়িতে চড়েন না। বেইজিংয়ের রাজপথে চলমান ৪০ লাখের বেশি গাড়ির ভিড়ের মধ্যে তিনি প্রতিদিন সাইকেল চালান। অল্প পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে দ্রুতগতিসম্পন্ন দামি গাড়ির চেয়ে ধীরগতির দ্বিচক্রযান তাঁর অনেক বেশি পছন্দের। দাই হাইপিং শুধু ব্যক্তিগত পছন্দের কারণে সাইকেলকে বাহন হিসেবে গ্রহণ করেছেন, তা নয়। তিনি ‘ফ্রেন্ডস অব ন্যাচার’ নামের একটি পরিবেশবাদী সংগঠনের একজন সক্রিয় কর্মী। বেইজিংকে শব্দ ও বায়ুদূষণের হাত থেকে বাঁচাতে তাঁর মতো এই সংগঠনের বহু সদস্য বাইসাইকেলকে বেছে নিয়েছেন। তাঁর মতো অন্যান্য পরিবেশবাদীকর্মী মনে করেন, মোটরগাড়ির আধিক্যের কারণে শব্দ ও বায়ুদূষণ বাড়ছে। বাইসাইকেল এ সমস্যা থেকে নগরবাসীকে মুক্তি দিতে পারে। তবে মোটরগাড়ির চালকেরা তাঁদের সঙ্গে একমত নন।দাই জানান, বেইজিংয়ে পর্যাপ্ত বাইক লেন নেই। ঝুঁকি নিয়ে অন্যান্য গাড়ির মধ্য দিয়েই সাইকেল চালাতে হয়। এটা খুবই বিপজ্জনক।আশির দশকে চীন যখন অর্থনৈতিক সংস্কারের পথে এগিয়ে চলেছে, তখন বেইজিংয়ে প্রতি ১০ জনের মধ্যে আটজন লোক যাতায়াতের প্রাথমিক বাহন হিসেবে বাইসাইকেলকে বেছে নিতেন। এখন সেখানে প্রতি ১০ জনে সাইকেল ব্যবহার করছেন মাত্র দুজন। অর্থনৈতিক উন্নতি হওয়ায় বেশির ভাগ নগরবাসী গাড়ি ব্যবহার করছেন। লাখ লাখ গাড়ির ধোঁয়ায় দূষিত হচ্ছে নগর। যানজট লেগেই রয়েছে। ২০০৮ সালে অলিম্পিক অনুষ্ঠান সামনে রেখে বেইজিংয়ে প্রতিটি গাড়ির ওপরে সপ্তাহে একদিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অর্থাৎ প্রতিটি গাড়িকে সপ্তাহের যেকোনো একদিন রাস্তায় নামানো থেকে বিরত থাকতে হবে। ওই নিয়ম এখনো বলবৎ রয়েছে। তবে এতেও কাজ হয়নি। এখনো প্রতিদিন বেইজিংয়ের রাজপথে লাখ লাখ গাড়ির ভিড় লেগে রয়েছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য নগর কর্তৃপক্ষ গাড়ির ওপর থেকে নগরবাসীর ঝোঁক কমিয়ে তাদের বাইসাইকেলের প্রতি আগ্রহী করতে চাইছে। এ লক্ষ্যে গত মার্চ থেকে নগরবাসীর জন্য ভাড়ায়চালিত সাইকেলের ব্যবস্থা চালু করা হয়েছে। অল্প দূরত্বে পথ পাড়ি দিতে তারা এসব সাইকেল ভাড়া নিতে পারবে। এ পরিকল্পনাকে ‘গ্রিন মুভমেন্ট’ হিসেবে অভিহিত করা হয়েছে। নগর কর্তৃপক্ষ ২০১৫ সালের মধ্যে বেইজিংয়ের এক কোটি ৭০ লাখ বাসিন্দার এক-চতুর্থাংশকে বাইসাইকেল চালনায় অভ্যস্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে।ওই প্রকল্পের আওতায় কেউ সাইকেল ভাড়া নিতে চাইলে তাঁকে ২০০ ইয়েন জমা দিয়ে একটি সুইপ কার্ড গ্রহণ করতে হবে। শহরের বিভিন্ন জায়গায় সাইকেল কেন্দ্র রয়েছে। গ্রাহক যেকোনো কেন্দ্রে গিয়ে সাইকেল নিতে পারবেন। এক জায়গা থেকে অন্যত্র গিয়ে সেখানকার স্থানীয় কেন্দ্রে সেটি জমা দিতে পারবেন। ঘণ্টা হিসেবে তাঁর কার্ড থেকে অর্থ কেটে রাখা হবে। কর্তৃপক্ষ বলেছে, তারা আশা করছে ২০১৫ সালের মধ্যে কেন্দ্রগুলোতে ৫০ হাজার বাইসাইকেলের চাহিদা সৃষ্টি হবে।