বাকিংহাম প্যালেসে সুরের মূর্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলটন জন, স্টিভি ওয়ানডার, পল ম্যাককার্টনি, টম জোনসের মতো বিখ্যাত সংগীতশিল্পীরা গতকাল সোমবার বিকেলে রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে সুরের মূর্ছনা তুলেছেন বাকিংহাম প্যালেসের সামনে। জমজমাট এই সংগীত উৎসবে এসব গুণী শিল্পীর পাশাপাশি আমন্ত্রিত দর্শকদের মাতিয়েছেন ব্রিটেনের সাড়া জাগানো ব্যান্ড ম্যাডনেস।রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে শনিবার থেকে চার দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব চলছে লন্ডনে। গতকাল সোমবার উৎসবের তৃতীয় দিনের মূল আয়োজন ছিল রাজপ্রাসাদকে ঘিরে।বাকিংহাম প্যালেসের বাইরে ছিল আড়াই ঘণ্টার সংগীত আয়োজন। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি টিকিট পাওয়া মাত্র ১০ হাজার ভাগ্যবান মানুষ অনুষ্ঠানটি সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। তবে অনুষ্ঠানস্থলে যাঁরা প্রবেশ করতে পারেননি, তাঁদেরও উচ্ছ্বাসের কমতি ছিল না। বাকিংহাম প্যালেস থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার মানুষ। তাঁরাও নেচে-গেয়ে নিজেদের মতো করে আনন্দ প্রকাশ করেছেন। দূর থেকে প্রিয় শিল্পীদের গান শোনার চেষ্টাও করেছেন। কেউ কেউ নিজেরাই প্রিয় শিল্পীর অনুকরণে গান গেয়েছেন।সংগীত উৎসবের আগে বাকিংহাম প্যালেসের ভেতরের বাগানে বনভোজনের আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি টিকিটধারী দর্শকেরা এতে অংশ নেন। বনভোজনের মূল রাঁধুনি ছিলেন তারকা রাঁধুনি হেস্টন ব্লুমেনথাল ও রাজপরিবারের রাঁধুনি মার্ক ফ্লানাগান। ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার দিয়ে সবাইকে বনভোজনে আপ্যায়িত করা হয়।সংগীত পরিবেশন শেষে প্যালেসের ভেতরে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়। এতে রানি এলিজাবেথ নিজেই একটি প্রদীপ প্রজ্বালন করেন। রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উৎসব উপলক্ষে যুক্তরাজ্যসহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন অঞ্চলে এই আলোক প্রজ্বালন উৎসব পালন করা হয়। বিবিসি, রয়টার্স, এএফপি।