বাকিংহাম প্রাসাদ ছাড়তে হচ্ছে রানিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানি দ্বিতীয় এলিজাবেথ
রানি দ্বিতীয় এলিজাবেথ

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথকে বাকিংহাম প্রাসাদ ছেড়ে দিতে হতে পারে! এতে চমকে ওঠার কিছু নেই। এ সাময়িক। কারণ, রানির এ প্রাসাদের সংস্কার প্রয়োজন। সংস্কারকাজ চলাকালে তাঁকে অন্যত্র গিয়ে থাকতে হতে পারে। খবর বিবিসির।
রানির বয়স এখন ৮৯ বছর। তিনি সিংহাসনে আরোহণ করেন ১৯৫২ সালে। সেই থেকে বাকিংহাম প্যালেসেই রয়েছেন। কিন্তু এ সময়ের মধ্যে প্রাসাদটির মেরামত করা হয়নি। তাই জরাজীর্ণ হয়ে পড়েছে প্রাসাদ। এর কিছু কিছু অংশের পলেস্তারা খসে পড়া শুরু করেছে। অনেক অংশে দেখা দিয়েছে ফাটল।
বাকিংহাম প্যালেসের কর্মকর্তারা বলছেন, সংস্কারকাজ করতে প্রাসাদটি পুরোপুরি খালি করা দরকার। সে ক্ষেত্রে রানিকে প্রাসাদের বাইরে থাকতে হতে পারে। কোথায় তাঁকে রাখা হবে, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রাথমিকভাবে সংস্কার ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি পাউন্ড। এই বিপুল অর্থ রাজকোষে নেই। প্রাসাদের একজন মুখপাত্র বলেছেন, প্রাসাদের সংস্কার ব্যয় মেটাতে প্রাথমিকভাবে ট্রাস্টিদের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করা হবে।
তবে রানি চাইলে, প্রাসাদের মধ্যেই বিশেষ ব্যবস্থায় তাঁর থাকার ব্যবস্থা করা হতে পারে। এ ক্ষেত্রে একসঙ্গে নয়, পর্যায়ক্রমে চলবে সংস্কারকাজ।
প্রাসাদ সূত্র জানিয়েছে, এরই মধ্যে স্কটল্যান্ড আবার বিগড়ে বসেছে কিছুটা। স্কটল্যান্ডে রানির সম্পত্তি বা ক্রাউন এস্টেট থেকে যে আয় হয়, তার পুরোটা রাজকোষে জমা না দেওয়ার চিন্তা করছেন স্কটিশ আইনপ্রণেতারা। স্কটল্যান্ডে রানির সম্পত্তি থেকে বছরে আয় হয় ১০ থেকে ১৫ লাখ পাউন্ড। তবে এ ধরনের খবরের সত্যতা উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ড।