বাকিয়েভের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ
মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের আইনবিষয়ক প্রধান আজিমবেক বেকনাজারভ গতকাল মঙ্গলবার রাজধানী বিশকেকে এ তথ্য জানান। চলতি মাসের প্রথম দিকে বিরোধী দলের আন্দোলনের মুখে প্রেসিডেন্ট বাকিয়েভ রাজধানী ছেড়ে দেশটির দক্ষিণাঞ্চলে নিজের শক্ত ঘাঁটি বলে পরিচিত ওস শহরের জালালাবাদে আশ্রয় নেন। পরে তিনি বেলারুশে যান। ওই আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৮৫ জন বিক্ষোভকারী নিহত হয় এবং আহত হয় এক হাজারেরও বেশি।অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় প্রেসিডেন্ট বাকিয়েভের প্রশাসন আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালাতে সেনাদের নির্দেশ দেয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। আজিমবেক বলেন, ‘বিচারের মুখোমুখি করতে বাকিয়েভকে বেলারুশের কাছ থেকে ফেরত চাওয়া হবে। এ ব্যাপারে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাকে ইতিমধ্যে বেলারুশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।’ তিনি জানান, বাকিয়েভের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও আনা হতে পারে।এদিকে প্রেসিডেন্ট বাকিয়েভের আমলের স্বরাষ্ট্রমন্ত্রী মোলদুমাস কনগাতিয়েভকে মস্কোয় গ্রেপ্তারের পর কিরগিজস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দিয়েছে রাশিয়া। রয়টার্স।