বাগদাদির 'নতুন টেপ'

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের নেতা আবু বকর আল বাগদাদির একটি কথিত অডিও টেপ প্রকাশ করেছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
৪৬ মিনিটের অডিওটি সাম্প্রতিক বলে প্রতীয়মান হয়। অডিওতে যে কণ্ঠ শোনা যায়, তা বাগদাদির মতোই মনে হয়।
অডিওর বক্তৃতায় যুক্তরাষ্ট্র ও জাপানকে উত্তর কোরিয়ার দেওয়া হুমকির প্রসঙ্গ আছে। আছে ইরাকের মসুল যুদ্ধের কথা।
২০১৪ সালের জুলাই থেকে বাগদাদিকে প্রকাশ্যে দেখা যায়নি। তাঁর বেঁচে থাকা নিয়ে গুজব আছে।
সবশেষ ইরাকের মসুলের বিখ্যাত একটি মসজিদে বাগদাদিকে দেখা গিয়েছিল।
বাগদাদির মাথার মূল্য ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র।
অডিওটির বিষয়ে জানতে চাইলে আইএসবিরোধী যুদ্ধে নিয়োজিত মার্কিন বাহিনীর মুখপাত্র রায়ান ডিলন বলেন, বাগদাদির মৃত্যুর তথ্য যত দিন না নিশ্চিত হওয়া যায়, তত তাঁরা ধরে নেবেন, তিনি বেঁচে আছেন।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র বলেন, তাঁরা অডিও টেপটির বিষয়ে অবগত আছেন। তাঁরা টেপটি পরীক্ষা করবেন।
এর আগে একাধিকবার বাগদাদির মৃত্যুর খবর বের হয়েছিল।