পারমাণবিক কর্মসূচি আংশিক বন্ধ রাখার বিনিময়ে তেহরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় পারমাণবিক সংলাপ থেকে সরে আসার হুমকি দিয়েছে ইরান। ফলে তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংকট নিরসনের সংলাপে আবার অনিশ্চয়তা দেখা দিয়েছে।ইরাকের বাগদাদের নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টিত ‘গ্রিন জোনে’ গত বুধবার যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং জার্মানির সঙ্গে ইরানের পরমাণু সংলাপ শুরু হয়। তবে উভয় পক্ষের কূটনীতিকেরা এদিন কোনো প্রকার মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হন। ফলে সংলাপ অনির্ধারিতভাবে দ্বিতীয় দিনে গড়ায়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা জানিয়েছেন, ছয় বিশ্বশক্তি বৈঠকে ইরানকে মধ্যম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকার বিষয়ে বলেছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার কর্মসূচি তাদের অধিকার। এটা নিয়ে কোনো আলোচনা হতে পারে না। সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হয়।ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে যে সন্দেহ রয়েছে তা প্রশমনের লক্ষ্যে তেহরানকে নিয়মিত বৈঠক অনুষ্ঠানের প্রক্রিয়ায় আনতে চায় ছয় বিশ্বশক্তি। তবে ইইউর বিদেশ নীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন বৈঠকে ছয় বিশ্বশক্তির পক্ষে কার্যত হুঁশিয়ারি উচ্চারণ করে প্রস্তাবনা উপস্থাপন করার পর ইরানের একজন কর্মকর্তা বলেছেন, আরেকটি বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে বর্তমানে মতৈক্য রয়েছে।নাম প্রকাশেঅনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আরেকটি সংলাপ অনুষ্ঠানের মতো ভিত্তি এখনো তৈরি হয়নি বলেই মনে হচ্ছে। এ জন্য চূড়ান্ত অধিবেশনে দুই পক্ষকে একটি চুক্তিতে উপনীত হতে হবে। তিনি আরও বলেন, অ্যাস্টন ও ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জালালির মধ্যে দিপক্ষীয় বৈঠকে নতুন কিছু বলা হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, সংলাপে অংশ নেওয়া ছয় বিশ্বশক্তি ইরানকে নতুন ও পুরোনোর সমন্বয়ে একটি প্যাকেজ প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে মেডিকেল আইসোটোপ ও পারমাণবিক নিরাপত্তায় সহায়তা দেওয়ার প্রস্তাব। বিনিময়ে তেহরানকে প্রথম পদক্ষেপ হিসেবে ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকতে বলা হয়েছে।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, প্রস্তাবটি অগ্রহণযোগ্য। আর এএফপি ও বিবিসি।