বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ৩১
ইরাকের রাজধানী বাগদাদের একটি বাজারের বাইরে গতকাল শুক্রবার গাড়িবোমা বিস্ফোরণে ৩১ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বাগদাদের পূর্বাঞ্চলীয় জাফরানিয়ায় একটি শোকর্যালিতে ওই গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। এ সময় লোকজন দল বেঁধে একটি পরিবারের লাশ দাফনের জন্য নিয়ে যাচ্ছিল। এর এক দিন আগে পশ্চিম বাগদাদের পার্শ্ববর্তী ইয়ারমুকে বন্দুকধারীদের গুলিতে ওই পরিবারের কর্তা মোহাম্মদ আল-মালিকি তাঁর স্ত্রী-পুত্রসহ নিহত হন। গাড়িবোমা বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন এবং হেলিকপ্টার দিয়ে আশপাশের এলাকায় নজরদারি করা হচ্ছে। জাফরানিয়ার হাসপাতালের একজন চিকিৎসক জানান, ওই হামলায় অন্তত ৩১ জনের প্রাণহানি হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে চারজন নারীও রয়েছে। এ ঘটনায় আরও ৬০ জন আহত হয়। বাগদাদের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র কাসিম আল-মৌসাবি বলেন, ‘আত্মঘাতী গাড়িবোমা হামলাকারী জাফরানিয়া থানায় বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল। তবে ব্যর্থ হয়ে ওই মার্কেটের সামনেই বোমার বিস্ফোরণ ঘটায়।’মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে ইরাকে কয়েকটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ইরাকের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সহিংসতা মোকাবিলার সক্ষমতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এএফপি।