বাগদাদে তিনটি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ, নিহত ৩২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদে ইরান, মিসর ও জার্মান দূতাবাসের কাছে গতকাল রোববার পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ৩২ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাগদাদের আওয়ার রজব এলাকার সুফিয়া গ্রামে মার্কিন সেনাদের পোশাক পরা বন্দুকধারীদের গুলিতে ২৫ জন নিহত হওয়ার পরদিনই ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রথমে বাগদাদে নিযুক্ত জার্মান দূতের বাসার কাছেই প্রচণ্ড শব্দে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। একটু পর এর কাছেই মিসর দূতাবাসের কাছে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়। শেষে স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে ইরানের দূতাবাসের সামনে বিকট শব্দে অপর বোমাটির বিস্ফোরণ ঘটে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এসব বিস্ফোরণে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। প্রচণ্ড বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনের জানালা চূর্ণবিচূর্ণ হয়ে ভেঙে পড়ে। এ সময় ঘটনাস্থলে প্রচণ্ড গোলাগুলির শব্দও শোনা যায়। বিস্ফোরণের পর পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পুলিশ ও জরুরি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার তৎপরতা শুরু করে।স্থানীয় ইয়ারমুক হাসপাতালের একজন কর্মকর্তা জানান, হাসপাতালে এ পর্যন্ত নয়জনের মৃতদেহ আনা হয়েছে। এর মধ্যে দুজন নারীও রয়েছেন। আহতাবস্থায় আনা হয়েছে অন্তত ৫২ জনকে। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।এর আগে গত শনিবার সকালে সুফিয়া গ্রামে আল-কায়েদা কয়েকটি পরিবারের ২৫ সদস্যকে গুলি করে হত্যা করে। বাগদাদের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কাসিম আত্তা জানান, এ ঘটনায় আল-কায়েদা জড়িত বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে পাঁচজন নারীও রয়েছেন।স্থানীয় হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে জানানো হয়, গুলি করে হত্যার আগে সবার ওপর নির্যাতন চালানো হয়েছে। নিহতদের অনেকের হাত ও পা ভাঙা ছিল। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ইরাকে পার্লামেন্ট নির্বাচনের পর দুটি বড় জোট সরকার গঠনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এ সময় জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে। দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা আশঙ্কা করছেন, নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত সময়টুকু ব্যবহার করে ইরাককে অস্থিতিশীল করা চেষ্টা করছে সন্ত্রাসীরা। গত ৭ মার্চ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী আইয়াদ আলাবির নেতৃত্বাধীন ইরাকিয়া ব্লক ৯১টি আসন পেয়ে বিজয়ী হয়েছে। দ্বিতীয় স্থানে আছে বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকির স্টেট অব ল জোট। তারা পেয়েছে ৮৯ আসন। ৩২৫ আসনের পার্লামেন্টে সরকার গঠনে ১৬৩ আসনের প্রয়োজন হবে। এএফপি ও রয়টার্স।