বাগদাদে বোমা হামলায় নিহত ৭১

ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে লাগাতার বোমা হামলায় আজ বুধবার কমপক্ষে ৭১ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছে। দেশটির পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা বলেছেন, গত পাঁচ বছরে যেসব সাম্প্রদায়িক সংঘাত হয়েছে, এটি তার মধ্যে সবচেয়ে ভয়াবহ।
রয়টার্স বলেছে, কারা হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। তবে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ইসলামি সংগঠনগুলো গত কয়েক বছরে শিয়া মুসলমানদের ওপর প্রাণঘাতী হামলার পরিমাণ বহুগুণ বাড়িয়েছে।
শিয়া, সুন্নি ও কুর্দি মুসলমানদের নিয়ে গঠিত ইরাকের নাজুক সরকার সাম্প্রতিক সাম্প্রদায়িক সংঘাতের কারণে বেশ চাপের মুখ আছে। এর মধ্যে গত এক মাসে সিরিয়ার গৃহযুদ্ধ এড়াতে হাজার হাজার মানুষ ইরাকে শরণার্থী হিসেবে প্রবেশ করে দেশটির পরিস্থিতিকে আরও খারাপ করে দিয়েছে।
রয়টার্স বলেছে, আজ বাগদাদের উত্তরাঞ্চলে শিয়াদের এলাকা বলে পরিচিত সদর সিটিতে দুটি গাড়িবোমা হামলায় অন্তত সাত ব্যক্তি নিহত হয়েছেন। একজন রেস্তোরাঁমালিক জানান, তিনি এক বোমা হামলাকারীকে দেখেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই রেস্তোরাঁমালিক রয়টার্সকে বলেন, ‘এক ব্যক্তি রেস্তোরাঁর সামনে তার গাড়িটি পার্ক করল। এরপর নাশতা সেরে চা-ও খেল। এর কিছুক্ষণ পর আমি যখন রান্নাঘরে, তখন বাইরে বিকট আওয়াজ শুনলাম।...বাইরে বেরিয়ে দেখি ওই গাড়িটি পুরোপুরি উড়ে গেছে, আর লোকটি পালিয়েছে।’
পুলিশ জানিয়েছে, বাগদাদের দক্ষিণাঞ্চলের জিসর দিয়ালা এলাকায় আরেকটি গাড়িবোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত ও ২৩ জন আহত হয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বোমা হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, আজকের হামলায় মাত্র ২০ ব্যক্তি নিহত ও ২১৩ জন আহত হয়েছে। শিয়ানিয়ন্ত্রিত সরকার বলেছে, বিভিন্ন গণমাধ্যমে বোমা হামলার ঘটনাকে অতিরঞ্জিত করে প্রকাশ করা হচ্ছে। অথচ নিরাপত্তা বাহিনী যে অনেকগুলো হামলার ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে, তা প্রকাশ করছে না।
১০ আগস্ট ইরাকজুড়ে লাগাতার বোমা হামলায় অন্তত ৮০ ব্যক্তি প্রাণ হারিয়েছিল।
এদিকে বাগদাদের ৪০ কিলোমিটার দক্ষিণে লতিফিয়া এলাকায় একটি চৌকিতে অতর্কিত হামলা চালিয়ে দুষ্কৃতকারীরা সুন্নিবিরোধী আল-সাহওয়া দলের ছয় সদস্যকে হত্যা করেছে। ওই এলাকার এক শিয়া পরিবারে হামলা চালিয়ে আরও ছয় ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ ও হাসপাতাল সূত্র।
উত্তর-পশ্চিম বাগদাদের কাদিমিয়া এলাকায় পথের পাশে পেতে রাখা দুটি বোমায় এবং একটি গাড়িবোমা হামলায় পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।
মাদয়েনে পথের পাশে পেতে রাখা বোমায় সেনাবাহিনীর একটি টহল দলের চার সদস্য নিহত ও পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জাতিসংঘ বলেছে, গত জুলাই মাসে ইরাকের বিভিন্ন স্থানে সংঘাতের কারণে প্রায় এক হাজার ইরাকি প্রাণ হারিয়েছে।