বাগদাদে মার্কিন ড্রোন, তিকরিতের পথে সেনারা
যুক্তরাষ্ট্রের সামরিক উপদেষ্টা ও কূটনীতিকদের নিরাপত্তার জন্য ইরাকের রাজধানী বাগদাদের আকাশে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) উড়তে দেখা গেছে। অন্যদিকে, তিকরিত শহরকে জঙ্গিদের দখলমুক্ত করতে অগ্রসর হচ্ছে ইরাকি বাহিনী। গতকাল শনিবার তারা তিকরিতের দিকে রওনা হয়েছে। খবর এএফপির।
প্রয়াত সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের শহর তিকরিতের দিকে হাজার হাজার ইরাকি সেনা গতকাল এগিয়ে যায়। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএল) জঙ্গিরা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে শহরটি দখল করে রেখেছে। এদিকে, শিয়া সম্প্রদায়ের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি সুন্নি জঙ্গিদের মোকাবিলায় একটি নতুন সরকার গঠনের জন্য ইরাকের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইরাকের উত্তরাঞ্চলে খ্রিষ্টান সম্প্রদায় অধ্যুষিত একটি শহর ছেড়ে প্রায় ১০ হাজার মানুষ সম্প্রতি পালিয়ে গেছে। আর দেশটিতে অস্থিতিশীলতার কারণে চলতি বছর ১২ লাখ মানুষ গৃহহীন হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, বাগদাদে ‘অল্প কিছু’ সশস্ত্র ড্রোন ব্যবহার করা হচ্ছে। তবে সেগুলো জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে ব্যবহার করা হবে না।