বাগদাদে সিরিজ বোমায় নিহত ৯
ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় গতকাল মঙ্গলবার সিরিজ বোমা হামলায় অন্তত নয়জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানান।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, রাজধানীর সদর সিটি এলাকায় প্রায় আধা ঘণ্টার ব্যবধানে দুটি বোমার বিস্ফোরণ হয়। এতে ছয়জন নিহত ও ৩২ জন আহত হয়। স্থানীয় সময় সকাল পৌনে সাতটার দিকে শ্রমিকদের লক্ষ্য করে প্রথম বোমার বিস্ফোরণ ঘটানো হয়। দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয় একটি রুটি তৈরির কারখানার বাইরে। আহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একটি শিশু রয়েছে।তৃতীয় গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয় রাজধানীর শুলা এলাকায়। এতে দুজন নিহত ও ১৬ জন আহত হয়। আল-হুরিয়া এলাকায় চতুর্থ বোমার বিস্ফোরণে একজন নিহত ও ১৩ জন আহত হয়।গত ১৮ ডিসেম্বর মার্কিন সেনারা ইরাক ছেড়ে যাওয়ার পর থেকে শিয়াদের ওপর বোমা হামলার ঘটনা বেড়ে গেছে। এ পর্যন্ত দেশটিতে বোমা হামলায় দুই শতাধিক নিহত হয়েছে।গত সোমবার দেশটির হোনেইন জিহাদি ফোরাম এক বার্তায় শিয়াদের লক্ষ্য করে আরও হামলা চালানোর ঘোষণা দেয়। এএফপি।