বাগদাদে ৭টি বোমার বিস্ফোরণে ৩৪ জন নিহত
ইরাকের রাজধানী বাগদাদের কয়েকটি স্থানে গতকাল মঙ্গলবার সকালে সাতটি বোমার বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। গত পাঁচ দিনের ব্যবধানে এ নিয়ে চতুর্থবারের মতো ইরাকে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটল। বিশ্লেষকদের মতে, ইরাকে গত ৭ মার্চের নির্বাচনে কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে দেরি হচ্ছে। আর এই প্রক্রিয়া যত দেরি হবে সেখানে সহিংসতার ঘটনা তত বাড়তে থাকবে।বাগদাদে সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কাশিম আল-মৌসাবি বলেন, হাতে তৈরি বোমা ব্যবহার করে হামলাকারীরা রাজধানীজুড়ে সাতটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অনেকে হতাহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে হতাহতদের সংখ্যা গোনা হচ্ছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ ও চিকিৎসা কর্মকর্তারা বলেছেন, নিহতের সংখ্যা অন্তত ৩৪ জন হবে। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বাগদাদের উত্তর-পশ্চিমে শুলা এলাকার একটি আবাসিক ভবনে বোমা বিস্ফোরিত হয়। এর আগে ওই এলাকা থেকে প্রায় এক মাইল দূরে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। এ ছাড়া বাগদাদের পশ্চিমের শুরতা রাবিয়া এলাকায় দুটি এবং উত্তরে চুকক, দক্ষিণের আল-আমিন ও বাগদাদের কেন্দ্রস্থল আলাবির একটি এলাকায় একটি করে বোমা ফাটে। এর মধ্যে আলাবিতে একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরিত হয়। অন্য বোমাগুলো আবাসিক ভবনে বিস্ফোরিত হয়। এর মধ্যে শিয়া অধ্যুষিত এলাকায় বেশির ভাগ বোমা ফেটেছে। বোমা বিস্ফোরণের পর ভবন বিধ্বস্ত হয়ে চাপা পড়ে অনেক লোক। বিস্ফোরণের ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে আকাশে। শুলা এলাকায় বোমা বিস্ফোরণের সময় বাসে যাচ্ছিলেন কলেজছাত্র আলী হোসেন (২২)। তিনি বলেন, ভয়ে লোকজন যে যেখানে পেরেছে পালিয়েছে। এতে রাস্তায় বিভিন্ন গাড়ির সংঘর্ষ লাগে। মোস্তফা নামের ২৫ বছরের এক যুবক বলেন, ‘ঘটনার পর হতাহতদের খুঁজতে আমি ইট ও বালু তুলছিলাম। ইট-পাথরের টুকরা তোলার পর এক ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পাই।’গতকালের বোমা হামলার ঘটনায় আল-কায়েদা জড়িত থাকতে পারে বলে দাবি করেছেন মৌসাবি। তিনি বলেন, সন্ত্রাসীরা ইরাকের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে, যেখানে ৭ মার্চের নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজনৈতিক দলগুলো নতুন সরকার গঠন নিয়ে হিমশিম খাচ্ছে। এএফপি ও রয়টার্স।