বাগদাদের অদূরে সরকারি বাহিনী ও জিঙ্গদের মধ্যে তুমুল লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রামাদি শহরে বিধ্বস্ত ভবনের ভেতরে অবস্থান নিয়ে জঙ্গিদের লক্ষ্য করে গুলি ছুড়ছেন এক সেনা৷ গত বৃহস্পতিবারের ছবি l রয়টার্স
ইরাকের রামাদি শহরে বিধ্বস্ত ভবনের ভেতরে অবস্থান নিয়ে জঙ্গিদের লক্ষ্য করে গুলি ছুড়ছেন এক সেনা৷ গত বৃহস্পতিবারের ছবি l রয়টার্স

ইরাকের কট্টরপন্থী সুন্নি সংগঠন আইএসআইএলের যোদ্ধাদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে৷ গতকাল শুক্রবার রাজধানী বাগদাদ থেকে মাত্র ১৩০ মাইল উত্তরের বাইজি শহরের তেল শোধনাগার এলাকায় দুই পক্ষের লড়াই আরও ছড়িয়ে পড়ে৷ লড়াই চলছে উত্তরাঞ্চলের তাল আফার বিমানবন্দর এলাকা এবং রামাদি শহরেও৷ খবর বিবিসি, এএফপি, সিএনএন ও গার্ডিয়ানের৷
ওয়াশিংটন ইরাকে জঙ্গিদের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট ও সীমিত সামরিক ব্যবস্থা’ গ্রহণ করতে প্রস্তুত—মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গত বৃহস্পতিবার দেওয়া এ ঘোষণার প্রেক্ষাপটে প্রচণ্ড যুদ্ধের এ খবর এল৷ ওবামা সেদিন বলেন, ইরাক সরকারকে সহায়তা দিতে ৩০০ মার্কিন সামরিক উপদেষ্টাকে বাগদাদে পাঠানো হতে পারে৷ ওবামার এই ঘোষণার মাধ্যমে ইরাকে মার্কিন বিমান হামলার দরজা খুলে গেল বলে মনে করছেন কেউ কেউ৷
বিবিসি বাংলা গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র মনে করে আইএসআইএল শুধু ইরাকের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্যই হুমকি৷ ওয়াশিংটন এর জবাব দেবে৷
আইএসআইএলের পুরো নাম ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট৷ সুন্নিপন্থী সংগঠনটির অভিযোগ, ইরাকের শিয়াপন্থী প্রধানমন্ত্রী নুরি আল মালিকি দেশ পরিচালনায় বরাবরই সুন্নিবিরোধী কৌশল গ্রহণ করেছেন৷ ইরাকের সুন্নি সম্প্রদায়ের সাধারণ মানুষও মনে করে, দেশের বর্তমান সংকটের জন্য মালিকির সুন্নি নিপীড়ন ও বৈষম্যমূলক শাসনব্যবস্থাই দায়ী৷
লড়াই ছড়িয়ে পড়া বাইজি শহরে ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগার অবস্থিত৷ কয়েক দিন আগে হামলা শুরু করে এ শহরের চারদিক ঘিরে ফেলেছে আইএসআইএলের জঙ্গিরা৷ সরকারি বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়৷ জঙ্গিরা দাবি করছে, বাইজিতে তারা সরকারি বাহিনীর দুটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে৷ নিরপেক্ষ কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি৷ কোনো কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হচ্ছে, জঙ্গিরা বাইজি তেল শোধনাগার এলাকার বেিশর ভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে৷ এ ছাড়া বাগদাদ থেকে মাত্র ৪৫ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত অব্যবহৃত একটি রাসায়নিক অস্ত্র তৈরির কারখানার দখল জঙ্গিদের হাতে চলে গেছে৷ যুক্তরাষ্ট্র বলছে, তাদের ধারণা ওই কারখানায় এখন এমন কোনো উপাদান নেই, যা দিয়ে জঙ্গিরা রাসায়নিক অস্ত্র তৈরি করতে পারবে৷ তবে এ খবরে উদ্বেগ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, ‘যেকোনো সামরিক স্থাপনা আইএসআইএলের দখলে চলে যাওয়ার খবর আমাদের উদ্বিগ্ন করে৷’
ইরাকের উত্তরাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর তেল আফারে গতকাল ষষ্ঠ দিনের মতো দুই পক্ষের লড়াই চলে৷ প্রত্যক্ষদর্শীদের মতে, এখানে জঙ্গিরা শক্ত অবস্থানে রয়েছে৷ তেল আফার শহর থেকে সিরিয়ায় প্রবেশের করিডর থাকায় এটি ইরাক সরকার ও জঙ্গি উভয়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ৷
এর আগে কয়েক দিনের লড়াইয়ে মসুলসহ ইরাকের গুরুত্বপূর্ণ কয়েকটি শহর দখল করে নেয় আইএসআইএল৷ চলতি বছরের শুরুতে তারা ফালুজা শহরও দখল করে৷ সাম্প্রতিক এ লড়াইয়ে ইরাকে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে৷
মার্কিন বিমান হামলার ইঙ্গিত?: ওবামা গত বৃহস্পতিবার ইরাকে জঙ্গিদের বিরুদ্ধে ‘সীমিত আকারে’ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেও সার্বিক পরিস্থিিতর বিবেচনায় ওই ঘোষণাকে দেশটিতে শিগগিরই মার্কিন বিমান হামলা চালানোর ইঙ্গিত বলে মনে করছেন অনেকে৷ ইতিমধ্যে মার্কিন একটি বিমানবাহী রণতির ও পাঁচটি যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে অবস্থান করছে৷ মার্কিন ড্রোন (মানুষবিহীন বিমান) সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে ইরাকের আকাশে গোয়েন্দাগিরি করছে৷ সিএনএন মার্কিন সামরিক সূত্রগুলোর বরাত দিয়ে বলছে, যুক্তরাষ্ট্র ইরাকে আইএসআইএলের স্থাপনার তালিকাও তৈরি করেছে৷ খবরে বলা হয়েছে, ওবামার ঘোষণা অনুযায়ী মার্কিন সামরিক উপদেষ্টাদের দল শিগগিরই ইরাক যাচ্ছে৷ তারা মূলত আইএসআইএলের বিরুদ্ধে বিমান হামলায় সহায়তা দেবে৷ প্রেসিডেন্ট ইতিমধ্যে বলেছেন, ইরাকে যুদ্ধ করতে মার্কিন সেনারা সেখানে ফিরে যাবে না৷
পুতিন-মালিকি ফোনালাপ: জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ইরাককে সর্বাত্মক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ গতকাল শুক্রবার ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়৷ এর আগে টেলিফোনে কথা হয় পুতিন ও মালিকির৷
‘কার্যকর সরকার’ গঠনের আহ্বান সিসতানির: ইরাকের সর্বোচ্চ শিয়া নেতা আয়াতুল্লাহ আলী আল-সিসতানি বর্তমান সংকট মোকাবিলায় একটি কার্যকর সরকার গঠনের আহ্বান জানিয়েছেন৷ গতকাল জুমার নামাজের পর পবিত্র শহর কারবালায় সিসতানির এ বার্তা পড়ে শোনানো হয়৷ সিসতানি এতে বলেন, ইরাকি জনগণের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক পক্ষগুলোকে কার্যকর একটি সরকার গঠনে সংলাপে বসতে হবে৷
সেনা পাঠাচ্ছে অস্ট্রেলিয়া: ইরাকে নিজেদের দূতাবাসের নিরাপত্তা জোরদার করতে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া৷ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ডেভিড জনস্টন জানান, বাগদাদে অস্ট্রেলিয়ার দূতাবাসের নিরাপত্তায় ছোট একটি সেনাদল পাঠানো হবে৷ তবে কবে ওই সেনাদল বাগদাদ যাবে তা নিশ্চিত করেননি তিনি৷