বাগবোকে বিচারের মুখোমুখি করার ঘোষণা ওয়াতারার
আইভরি কোস্টের নির্বাচিত প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারা গ্রেপ্তারকৃত লরা বাগবোর সমর্থকদের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়ার জন্য তাঁর সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বাগবোকে বিচারের মুখোমুখি করারও ঘোষণা দেন তিনি। গত সোমবার রাতে ওয়াতারা তাঁর নিয়ন্ত্রিত টেলিভিশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন। এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বাগবোর গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে সহিংসতা না ছড়ানোর ব্যাপারে হুঁশিয়ারি দেন।টেলিভিশন ভাষণে ওয়াতারা বলেন, ‘আমি আপনাদের শান্ত থাকার এবং ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।’ একই সঙ্গে ‘বাগবোসহ তাঁর স্ত্রী ও সহযোগীদের বিচারের মুখোমুখি’ করার ঘোষণাও দেন তিনি। তিনি বলেন, চার মাসের রাজনৈতিক সংকটের পর বাগবোর গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে দেশ ও জনগণের সুরক্ষার জন্য ‘সব ধরনের ব্যবস্থা’ নেওয়া হয়েছে। এ ছাড়া দেশটিতে সংঘটিত গণহত্যাসহ অন্যান্য অপরাধের অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করতে সত্য ও জবাবদিহিতা কমিশন গঠনের অঙ্গীকার করেন তিনি। জাতিসংঘের মহাসচিব বান কি মুন ওয়াতারার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।সোমবার রাতে গ্রেপ্তার হওয়ার পরপরই টেলিভিশনে বাগবো তাঁর অনুগত সেনাদের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানান। গ্রেপ্তারের পর বাগবো, তাঁর স্ত্রী ও ছেলে মিশেলকে ওয়াতারার অস্থায়ী কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় জাতিসংঘের পুলিশ তাঁদের ঘিরে রেখেছে।ওয়াতারার টেলিভিশন চ্যানেলে দেখানো হয়, ওয়াতারা সরকারের প্রধান কার্যালয় গলফ হোটেলের একটি কক্ষে বাগবো ও তাঁর সহযোগীরা বসে আছেন। এ সময় ক্লান্ত দেখালেও বাগবো ছিলেন অক্ষত।বাগবোর গ্রেপ্তারের ঘটনার একজন প্রত্যক্ষদর্শী যোদ্ধা নাম প্রকাশ না করার শর্তে জানান, ওয়াতারা বাহিনীর একজন কমান্ডার বাগবোর সামনে গেলে কোনো বাধা দেননি। ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, ‘ওই কমান্ডার যখন বাগবোর সামনে গিয়ে দাঁড়ান, বাগবো বলেন, আমাকে মেরো না।’বাগবো গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা পর জাতিসংঘের মহাসচিব বান কি মুন ওয়াতারার সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় মুন বলেন, ‘যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’ আইভরি কোস্টে জাতিসংঘের নয় হাজার সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে। দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জাতিসংঘ বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলে মুন জানান।এদিকে আইভরি কোস্টের ওপর থেকে সব ধরনের অবরোধ তুলে নিতে ওয়াতারা সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কাজ করার ঘোষণা দিয়েছে। গতকাল মঙ্গলবার ইইউর একজন জ্যেষ্ঠ কূটনীতিক এ কথা জানান। বাগবোকে পদত্যাগে বাধ্য করতে চাপ সৃষ্টির জন্য ইইউ দেশটির ওপর ওই অবরোধ আরোপ করে।ইতিমধ্যে ইইউ আইভরি কোস্টের বন্দরনগর আবিদজান, সান পেদ্রো শহর ও কয়েকটি প্রতিষ্ঠানের ওপর থেকে অবরোধ তুলে নিয়েছে। এর আগে গত সপ্তাহে অবরোধ তুলে নেওয়ার জন্য ইইউর প্রতি আহ্বান জানান ওয়াতারা।ইইউর কূটনৈতিক সেবার আফ্রিকা কার্যালয়ের প্রধান নিকোলা ওয়েস্টকট বলেন, ‘ওয়াতারা সরকারের সঙ্গে পরামর্শের পর উপযুক্ত মনে হলে আমরা বাকি অবরোধগুলোও তুলে নেব।’অন্যদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার গতকাল জানিয়েছেন, গত মার্চের শেষ নাগাদ থেকে গত সোমবার পর্যন্ত আইভরি কোস্টের সহিংসতায় ৫৩৬ জনের প্রাণহানি হয়েছে। এএফপি।