বাঘ বাঁচাতে দিগম্বর হয়ে দৌড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিড়িয়াখানায় দর্শকেরা কিছুটা বিনোদনের জন্যই আসেন। কিন্তু গত বৃহস্পতিবার সকালে লন্ডন চিড়িয়াখানায় বেড়াতে আসা দর্শকেরা বিনোদনের চেয়ে একটু বেশিই পেলেন! লন্ডন চিড়িয়াখানার কর্মীরা সেখানে বেড়াতে আসা অতিথিদের সামনেই দিগম্বর হয়ে দৌড়ালেন। এ দৌড়ের অবশ্য একটি ভিন্ন অর্থ ও উদ্দেশ্য আছে।

‘স্ট্রিক ফর টাইগার্স’ নামের একটি অনুষ্ঠান সম্পর্কে সচেতনতা তৈরিতে কয়েকজন কর্মী এ দৌড়ে অংশ নেন। পরে ওই কর্মীদের দিগম্বর অবস্থায় পেঙ্গুইনদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায়।
১০ আগস্ট অনুষ্ঠিত হবে ‘স্ট্রিক ফর টাইগার্স’ নামের তহবিল সংগ্রহের কর্মসূচি। নামটি ঠিক করা হয়েছে সুমাত্রার বাঘ স্ট্রিকের নাম থেকে। বিলুপ্তপ্রায় সুমাত্রার বাঘ বাঁচানোর সচেতনতা কর্মসূচি হিসেবে জিওলজিক্যাল সোসাইটি ফর লন্ডনের (জেডএসএল) লন্ডন চিড়িয়াখানা এ আয়োজন করে।
বিশ্বব্যাপী বাঘের অস্তিত্ব হুমকির মুখে। বাঘের সুরক্ষার কারণেই এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন আয়োজকেরা। কেবল নগ্ন দৌড় নয়, এই কর্মসূচির লক্ষ্য তহবিল সংগ্রহ। স্ট্রিক ফর টাইগার্স আয়োজনে নির্দিষ্ট অর্থ দিয়ে ও তহবিল সংগ্রহের মাধ্যমে যে কেউ অংশ নিতে পারবেন। এতে অংশগ্রহণকারীদের বাঘের মুখোশসহ বিভিন্ন উপহার সামগ্রীর ঘোষণা দিয়েছেন আয়োজকেরা। এ আয়োজন থেকে আসা অর্থ আন্তর্জাতিক বন্য প্রাণী সংরক্ষণ কাজের জন্য খরচ হবে। তথ্যসূত্র: মেট্রো।