বাঘ রক্ষায় ইন্টারপোল
বাঘ শিকারের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ের সমন্বয়ের জন্য গতকাল বুধবার নতুন প্রচারণা শুরু করেছে ইন্টারপোল। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, বাঘ রক্ষায় ব্যর্থতার প্রভাব অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও পড়তে পারে।আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি বলেছে, যে ১৩টি দেশে এখনো বাঘ পাওয়া যায়, বন্য প্রাণীসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সেসব দেশের একত্রে কাজ করা জরুরি।ইন্টারপোলের পরিবেশ অপরাধবিষয়ক প্রকল্পের ব্যবস্থাপক ডেভিড হিগিনস বলেন, বাঘের বিলুপ্তি শুধু জীববৈচিত্র্যের ওপর প্রভাব ফেলবে না, এখনো যেসব দেশে বাঘ পাওয়া যায়, সেসব দেশের ‘অর্থনৈতিক ও নিরাপত্তা স্থিতিশীলতা’র ওপরও প্রভাব ফেলতে পারে।বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, রাশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের পুলিশ, কাস্টমস ও বন্য প্রাণীবিষয়ক কর্মকর্তাদের চেষ্টায় সহায়তা করার পরিকল্পনা নিয়েছে প্রজেক্ট প্রিডেটর নামের ইন্টারপোলের নতুন একটি প্রকল্প।সচেতনতা বৃদ্ধির জন্য পরিবেশবাদী সংস্থাগুলোর সঙ্গে তথ্যবিনিময় করবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং বিশ্বব্যাংকের অর্থসহায়তাপুষ্ট প্রজেক্ট প্রিডেটর।হ্যানয়ে ইন্টারপোলের বার্ষিক সাধারণ সভা থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সীমান্তগুলোতে বাঘের অঙ্গ-প্রত্যঙ্গের অবৈধ বাণিজ্য ও পাচার বিস্তার লাভ করেছে। এর বিরুদ্ধে আইন প্রয়োগ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।হিগিনস বলেন, আইন প্রয়োগ ‘একমাত্র জবাব নয়’। শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনেরও প্রয়োজনীয়তা আছে। এএফপি।