বাঘ রক্ষায় গ্রামটাই সরিয়ে নেওয়া হলো!
বাঘ রক্ষা করতে হবে। প্রয়োজনে লোকালয় সরিয়ে ফেলতে হবে। এ জন্য গ্রামের ৮২টি পরিবারের ৩৫০ জনের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নতুন ঠিকানায়। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের উমরি গ্রামে।স্থানীয় সারিসকা বাঘ সংরক্ষণকেন্দ্র রক্ষা করতে এই আয়োজন। উমরি গ্রামের কাছে ওই সংরক্ষণকেন্দ্রে বাঘের সংখ্যা কমতে কমতে একপর্যায়ে শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। গত তিন বছরে বাঘের সংখ্যা বেড়ে পাঁচটি হয়েছে। সংরক্ষণকেন্দ্রে বাঘের সংখ্যা যাতে অবাধে আরও বাড়তে পারে, এ জন্য উমরি গ্রামের লোকজনকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। গত সপ্তাহে গ্রামের লোকজন সরে যায়।রাজস্থানের প্রধান বন সংরক্ষক পি এস সোমাশেখর জানান, বাঘ সংরক্ষণকেন্দ্র এলাকার ভেতর ১১টি গ্রাম রয়েছে। এসব গ্রামে প্রায় আড়াই হাজার লোক বাস করে। বাঘের সংখ্যা বাড়াতে তাদের অবাধে বিচরণের সুযোগ দিতে হবে। এ জন্য এসব লোক সরিয়ে নেওয়া প্রয়োজন। তিনি জানান, এসব গ্রামের বেশির ভাগ লোক আদিবাসী। কয়েক বছরের মধ্যে আরও চারটি গ্রামের লোক সরিয়ে নেওয়া হবে। রাজস্থানের প্রধান বন্য প্রাণী প্ররক্ষক এ সি চৌবে বলেন, স্থানান্তরিত গ্রামবাসীকে ক্ষতিপূরণ বাবদ জমি, নগদ টাকা ও গৃহপালিত পশুপাখি দেওয়া হয়েছে। ভারতীয় মুদ্রায় এর মূল্য ১০ লাখ রুপি। বাঘ সংরক্ষণকেন্দ্রের বাইরে এমন এক জায়গায় তাদের স্থানান্তর করা হয়েছে, যেখানে চাষবাসের জমি রয়েছে।গত কয়েক দশকে ভারতে বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। ২০১১ সালের এক বাঘশুমারি অনুযায়ী দেশটিতে এখন প্রায় এক হাজার ৭০০ বাঘ রয়েছে। এক শতাব্দী আগে ভারতে বাঘ ছিল প্রায় এক লাখ। বিবিসি।