বাঘে নিল চিড়িয়াখানা কর্মীর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘের কবলে পড়ে মারা গেছেন যুক্তরাজ্যের এক চিড়িয়াখানার কর্মী। কেমব্রিজশায়ারের হ্যামারটন জু পার্কে গত সোমবার এ ঘটনা ঘটে। একটি বাঘ নিজের এলাকার বাইরে ঘেরাও করা জায়গায় প্রবেশ করার পর রোজা কিং (৩৩) নামে ওই নারী কর্মী মারা যান।

রোজা কিং চিড়িয়াখানায় মাংসাশী প্রাণীগুলোর দেখভাল করতেন। বাঘের প্রতি ছিল তার অগাধ মমত্ববোধ। কিন্তু সেই বাঘের হাতেই তাঁর প্রাণ গেল।

হ্যামারটন জু পার্ক কর্তৃপক্ষ সোমবার দিনের প্রথম ভাগেই হঠাৎ করে সব দর্শনার্থীকে একটা ‘মারাত্মক ঘটনার’ কথা জানিয়ে চিড়িয়াখানা থেকে বের করে দেয়। বলা হয়, সে দিনের জন্য চিড়িয়াখানা বন্ধ থাকবে। গতকাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, ওই দুর্ঘটনার সময় কোনো বন্যপ্রাণী নির্দিষ্ট সীমানাপ্রাচীরের বাইরে পালায়নি। ফলে কোনোভাবেই তা লোকজনের নিরাপত্তায় প্রভাব ফেলেনি।’ পুলিশের ভাষ্য অনুযায়ী, ‘চিড়িয়াখানার এক কর্মীর সঙ্গে ঘেরাও দেওয়া অংশে একটি বাঘ প্রবেশ করে। দুর্ভাগ্যবশত ওই নারী কর্মী ঘটনাস্থলেই মারা যান।’