বাঙালি ললনাকে বিয়ে করছেন বরুণ গান্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধীর একমাত্র ছেলে বরুণ গান্ধী বিয়ে করছেন শিগগিরই। আগামী ১১ ডিসেম্বর তিনি বিয়ের পিঁড়িতে বসবেন। পাত্রী এক বঙ্গললনা—যামিনী রায় চৌধুরী। পেশায় ফ্যাশন ডিজাইনার যামিনী দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে দর্শনে স্নাতক পাস করে ফ্রান্সের সোর্বন বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেছেন। যামিনীর পূর্বপুরুষ ছিলেন শান্তিনিকেতনের আদি বাসিন্দা। বাবা প্রয়াত সুনীল রায় চৌধুরী। যামিনীর বয়স যখন দেড় বছর, তখন তাঁর মা মারা যান। তারপর বাবা যামিনীকে নিয়ে চলে আসেন দিল্লি। চার বছর ধরে পরিচয় বরুণের সঙ্গে। বরুণের মা মানেকা গান্ধীও পছন্দ করেছেন যামিনীকে।বরুণ-যামিনীর বিয়ের অনুষ্ঠান হবে দিল্লির মহারানি বাগের মানেকা গান্ধীর প্রয়াত স্বামী সঞ্জয় গান্ধীর বাসভবনে। বিবাহোত্তর অনুষ্ঠান হবে মানেকার খামার বাড়ি মেহরলিতে। ইতিমধ্যে মানেকা গান্ধী ছেলের বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন বড় জা সোনিয়া গান্ধী ও তাঁর ছেলেমেয়ে রাহুল গান্ধী আর প্রিয়াংকা ওয়াধেরাকে। প্রায় সবারই জানা, ইন্দিরা গান্ধীর সঙ্গে সদ্ভাব ছিল না মানেকা গান্ধীর। একসময় মানেকা গান্ধী ছেড়েও যান ইন্দিরা গান্ধীর আবাস। একইভাবে সোনিয়ার সঙ্গেও ভালো সম্পর্ক নেই মানেকার। তবে মানেকাপুত্র বরুণের সঙ্গে মধুর সম্পর্ক রয়েছে প্রিয়াংকা ও রাহুলের। রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করছেন, বরুণের বিয়ের মাধ্যমে এই দুই পরিবারের মধ্যে সদ্ভাব গড়ে উঠতে পারে।