বাছাইয়ে ছয় অঙ্গরাজ্যে মিট রমনির জয়
‘সুপার টিউয়েজডে’তে গুরুত্বপূর্ণ ওহাইওসহ ছয়টি অঙ্গরাজ্যে জয় পেয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার দৌড়ে নিজের অবস্থান শক্ত করেছেন মিট রমনি। তবে এককভাবে চূড়ান্ত বিজয় অর্জনের মতো সাফল্য পাননি। তিনটি অঙ্গরাজ্যে জয় পেয়ে আশা বাঁচিয়ে রেখেছেন কট্টরপন্থী রিক স্যান্টোরাম।গত মঙ্গলবার ১০টি অঙ্গরাজ্যে প্রাথমিক প্রার্থী বাছাই ‘প্রাইমারি’ ও ‘ককাস’ ভোট অনুষ্ঠিত হয়। মঙ্গলবার একসঙ্গে ১০টি গুরুত্বপূর্ণ রাজ্যে বাছাই হয় বলে এ দিনকে সুপার টিউয়েজডে বলা হয়। আইডাহো, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ভারমন্ট, আলাস্কা এবং সর্বশেষ ওহাইও অঙ্গরাজ্যে জয় পান ম্যাসাচুসেটস রাজ্যের সাবেক গভর্নর রমনি। অন্যদিকে নর্থ ডাকোটা, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে জয় পান স্যান্টোরাম। সাবেক হাউস স্পিকার নিউট গিংরিচ শুধু তাঁর নিজ অঙ্গরাজ্য জর্জিয়ায় জয় পেয়েছেন। মিট রমনি তিন প্রতিদ্বন্দ্বীর পাওয়া মোট সমর্থনের চেয়েও একাই বেশি সমর্থন পেয়েছেন উল্লেখ করে ম্যাসাচুসেটসে উল্লসিত সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি মনোনয়ন পেতে যাচ্ছি।’রিপাবলিকান দলের জটিল মনোনয়ন-প্রক্রিয়ায় প্রতিটি অঙ্গরাজ্য থেকে দলীয় প্রতিনিধির সমর্থন পেতে হয়। বিজয়ের জন্য প্রার্থীকে এক হাজার ১৪৪ জন প্রতিনিধির সমর্থন পেতে হয়। মঙ্গলবারের ১০ রাজ্যের ভোটে সংশ্লিষ্ট ছিলেন ৪০০-এর বেশি প্রতিনিধি, যা মনোনয়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ভোটের প্রায় ৪০ শতাংশ। মিট রমনি এখন পর্যন্ত মোট ৪১৫ জন প্রতিনিধির সমর্থন পেয়েছেন। চূড়ান্ত বিজয়ী আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।তিনটি অঙ্গরাজ্যে জয়লাভের পর পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম বলেন, এ ফল এটাই প্রমাণ করে যে তিনি সত্যিই মিট রমনির প্রধান বিকল্প। ওহাইওতে ফল ঘোষণার আগে স্যান্টোরাম সাংবাদিকদের বলেন, ‘আজকের রাতটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা তিনটি অঙ্গরাজ্যে জয় পেয়েছি। দেশজুড়ে আমরা জয় পাওয়ার জন্য প্রস্তুত।’ মঙ্গলবার রাতে উৎকণ্ঠার মধ্য দিয়ে বিজয়ের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত ওহাইও রাজ্যের ফল গণনা করা হয়। তবে শেষ পর্যন্ত অল্প ব্যবধানে স্যান্টোরামকে পরাজিত করেন রমনি। ওহাইও অঙ্গরাজ্যকে গুরুত্বপূর্ণ মনে করা হয় এ জন্য যে মনোনয়ন-দৌড়ে এই রাজ্যে পরাজিত রিপাবলিকান পার্টির কোনো প্রেসিডেন্ট প্রার্থীই হোয়াইট হাউসে যেতে পারেননি। এ অঙ্গরাজ্যের ৬৬ জন প্রতিনিধির মধ্যে রমনি ৩৫ জন এবং স্যান্টোরাম ২১ জনের সমর্থন লাভ করেন। তবে সুপার টিউয়েজডেতে শুধু জর্জিয়া অঙ্গরাজ্যে জয়লাভের পরও নিউট গিংরিচ মনোনয়ন পেতে প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘প্রতিযোগিতায় অনেক খরগোশ রয়েছে। তবে আমি এখানে কচ্ছপ। এ মুহূর্তে আমি মাত্র এক ধাপ এগিয়েছি।’ বিবিসি, এএফপি ও এপি।