ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ‘ভারতরত্ন’ পদক কেড়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন সাংসদ। নরেন্দ্র মোদি প্রসঙ্গে অমর্ত্যের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় চন্দন মিত্র এ কথা বলেন। এদিকে অমর্ত্য সেন গতকাল বৃহস্পতিবার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি যদি চান, তবে তিনি ওই পদক ফেরত দেবেন।অমর্ত্য সেন সম্প্রতি সিএনএন-আইবিএন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে তিনি বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। কারণ, মোদি দেশের সংখ্যালঘুদের নিরাপদ ভাবার মতো যথেষ্ট কিছু করেননি।অমর্ত্য সেনের মন্তব্যের পর বিজেপির সাংসদ চন্দন মিত্র তাঁর ‘ভারতরত্ন’ পদক কেড়ে নেওয়ার দাবি জানান। চন্দন মিত্র বলেন, তিনি এটি ভেবে অবাক হয়েছেন যে ‘ভারতরত্ন’ পদকে ভূষিত একজন মানুষ কোনো দল বা নেতার পক্ষে বা বিরুদ্ধে এভাবে কথা বলতে পারেন কি না।বিজেপি সাংসদের ওই মন্তব্যের জবাবে অমর্ত্য সেন টাইমস নাউ টেলিভিশনকে গতকাল বলেন, ‘চন্দন মিত্র হয়তো জানেন না, আমাকে ভারত রত্ন পদক দিয়েছিল বিজেপি-নেতৃত্বাধীন সরকার। অটল বিহারি বাজপেয়ি ওই পদক আমার হাতে তুলে দিয়েছিলেন। বাজপেয়ি যদি চান আমি এটা ফেরত দিই, তবে আমি নিশ্চিতভাবেই তা ফেরত দেব।’অমর্ত্য সেন আরও বলেন, এ ধরনের দাবি ওঠা সত্যিই দুর্ভাগ্যজনক। তবে ওই বক্তব্যকে চন্দন মিত্রের ‘ব্যক্তিগত’ মতামত বলেও আখ্যায়িত করেন তিনি।গুজরাটের ২০০২ সালের হিন্দু-মুসলিম দাঙ্গার জন্য বিতর্কিত মোদিকে সম্প্রতি বিজেপির নির্বাচনবিষয়ক প্রধানের দায়িত্ব দেওয়া হয়। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় বিজেপি ভারতের আগামী সাধারণ নির্বাচনে জয়ী হলে মোদিই প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। মোদিকে ওই পদের দায়িত্ব দেওয়া নিয়ে দলের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। পিটিআই।