বাজেট চুক্তি ছাড়াই শেষ হলো ইইউ সম্মেলন
বাজেট চুক্তি ছাড়াই গত শুক্রবার শেষ হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ওই সম্মেলনে ইইউর আগামী সাত বছরের বাজেটসংক্রান্ত চুক্তি হওয়ার কথা ছিল। তুলনামূলক ধনী দেশগুলোর সঙ্গে ঋণ-সহায়তানির্ভর দেশগুলোর দীর্ঘ আলোচনার পরও চুক্তির ব্যাপারে কোনো সমঝোতা হয়নি। ঋণসংকট চলাকালে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়।ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান হারমান ভন রম্পুই বলেন, আগামী বছরের শুরুর দিকে একটি চুক্তি সম্পাদনের ব্যাপারে তিনি আশাবাদী। তাঁর প্রস্তাবিত বাজেটে সংস্কার আনার পরও সর্বোচ্চ ব্যয় ধরা হয় এক লাখ ২০ হাজার কোটি মার্কিন ডলার। বাজেটের ব্যাপারে ইউরো জোনের প্রভাবশালী দুই রাষ্ট্র জার্মানি ও ফ্রান্সের মধ্যে মতৈক্য হয়নি। ইইউ বর্তমানে যে পরিমাণ ব্যয় করছে, তা বন্ধ করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইইউকে সামর্থ্যের বাইরে ব্যয়ের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, প্রস্তাবিত বাজেট কেবল যুক্তরাজ্যে নয়, আরও বেশ কয়েকটি দেশের জন্য অগ্রহণযোগ্য। ইইউর ব্যয় বাড়ানোর জন্য সংশ্লিষ্ট রাষ্ট্রগুলো নিজ নিজ অভ্যন্তরীণ বাজেট সংকুচিত করতে রাজি হবে না।আর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেন, সম্মেলনে অগ্রগতি হয়েছে। এতে কোনো হুমকি বা কঠিন শর্ত ছিল না। চুক্তি সম্পাদনের জন্য আরও কিছু সময় নেওয়া প্রয়োজন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, তিনি ক্যামেরনের দৃষ্টিভঙ্গির প্রতি সহানুভূতিশীল। তবে চুক্তি সম্পাদনের ব্যাপারে পর্যাপ্ত সম্ভাবনা এখনো রয়েছে। দ্বিপক্ষীয় ও সাধারণ আলোচনায় তা স্পষ্ট হয়েছে। অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশ গ্রিসের জন্য নতুন করে ঋণ-সহায়তা ছাড়ের ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে ইইউর ১৭টি দেশের অর্থমন্ত্রীরা এর আগে বৈঠক করে ব্যর্থ হন। এ রকম ক্রমাগত সিদ্ধান্তহীনতার ফলে সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। বিবিসি।