বাড়িতে ঢুকেই সুস্মিতাকে মারতে থাকে জঙ্গিরা

তালেবান জঙ্গিরা আফগানিস্তানে ভারতীয় লেখিকা সুস্মিতা ব্যানার্জির বাড়িতে ঢুকেই মারধর শুরু করে। জানতে চায়, কেন তিনি তালেবানের বিরুদ্ধে ‘বাজে কথা’ লিখেছেন। পরে তাঁকে অপহরণ করে গুলি চালিয়ে হত্যা করা হয়। সুস্মিতার শ্বশুরবাড়ির লোকজনকে উদ্ধৃত করে এ কথা বলেছেন সুস্মিতার ভাই গোপাল ব্যানার্জি।
১৯৮৯ সালে কলকাতার মেয়ে সুস্মিতার সঙ্গে আফগানিস্তানের ব্যবসায়ী জানবাজ খানের বিয়ে হয়। তালেবানের শাসনামলে তাদের কবল থেকে একবার পালিয়ে ভারতে চলে এসে আলোচিত হন সুস্মিতা। এরপর ফিরে গিয়েছিলেন দেশটিতে। গত বৃহস্পতিবার আফগানিস্তানে তাঁকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তালেবান এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
সুস্মিতার ছোট ভাই গোপাল বলেছেন, শনিবার টেলিফোনে সুস্মিতার স্বামী জানবাজ খান ও জানবাজের এক চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলেন তিনি। তাঁরা জানিয়েছেন, বৃহস্পতিবারই সুস্মিতাকে পাকতিকা প্রদেশের শারান শহরে দাফন করা হয়েছে। গোপাল বলেন, ‘বৃহস্পতিবার থেকেই আমি জানবাজের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলাম, কিন্তু সংযোগ পাইনি। শনিবার বেলা আড়াইটার দিকে ফোনে তাঁকে পাই। তিনি শোকে বিহ্বল বলে বেশি কথা বলতে পারিনি। পরে তাঁর এক চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনেছি।’
গোপাল বলেন, ‘জানবাজের ওই চাচাতো ভাই জানালেন, তালেবান জঙ্গিরাই সুস্মিতাকে হত্যা করেছে। জঙ্গিরা বাড়িতে ঢুকেই সুস্মিতাকে মারধর শুরু করে। বলতে থাকে, ও কেন তাঁদের বিরুদ্ধে বাজে কথা লিখেছে। বাধা দেওয়ার চেষ্টা করলে পরিবারের লোকজনকে বেঁধে রেখে সুস্মিতাকে অপহরণ করা হয়। পরের দিন তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।’
সুস্মিতার লেখা প্রথম উপন্যাস কাবুলিয়াওয়ালার বাঙালি বউ বেশ আলোচিত হয়। পরে তিনি মোল্লা ওমর, তালেবান ও আমি এবং এক বর্ণ মিথ্যা নয় নামে দুটি উপন্যাস লেখেন। এসব লেখায় তালেবান আমলে সাধারণ আফগান মানুষের দুর্দশার কথা রয়েছে। এতে তাঁর ওপর ক্ষুব্ধ হন তালেবান নেতারা।
গোপাল জানান, জানবাজ খান তাঁকে বলেছেন, আপাতত তাঁর ভারতে আসার কোনো পরিকল্পনা নেই। আইএএনএস।