বাড়ির গয়না নিয়ে গেছে লন্ডনের তিন কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্য থেকে পালিয়ে তুরস্ক হয়ে সিরিয়ায় যাওয়া স্কুলপড়ুয়া তিন কিশোরী। ছবি: রয়টার্স
যুক্তরাজ্য থেকে পালিয়ে তুরস্ক হয়ে সিরিয়ায় যাওয়া স্কুলপড়ুয়া তিন কিশোরী। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের লন্ডন থেকে সিরিয়ার উদ্দেশে পালিয়ে যাওয়া যুক্তরাজ্যের তিন কিশোরী তাদের যাত্রার খরচ জোগাতে পরিবারের সদস্যদের গয়না চুরি করেছে বলে ধারণা করছে পুলিশ। গতকাল মঙ্গলবার লন্ডন পুলিশ এমন মন্তব্য করেছে। পুলিশের কর্মকাণ্ডে আস্থাহীনতা প্রকাশ করেছেন ওই তিন ছাত্রীর স্বজনেরা।

আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী জাতীয় পুলিশের প্রধান ও লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মার্ক রাউলি বলেন, বিমানযাত্রার জন্য ওই কিশোরীরা এক ট্রাভেল এজেন্টকে দেড় হাজার ছয় ডলার (এক লাখ ১৭ হাজার ৬২৫ বাংলাদেশি টাকা) পরিমাণ অর্থ দিয়েছে।

এত টাকা তারা কোত্থেকে পেয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্ক রাউলি বলেন, ‘পরিবার থেকে চুরির সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে আমরা মনে করছি। তাদের পরিবারের কোনো সদস্যের গয়না চুরির সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে আমাদের ধারণা।’

পালিয়ে যাওয়া তিন কিশোরীর পরিবারের সদস্যদের দাবি, তাঁদের যেসব গয়না চুরি হয়েছে, সেগুলো খুব বেশি দামি ছিল না। ওই তিনজন বাইরের কোনো সূত্র থেকে অর্থসহায়তা পেয়েছে বলে তাঁদের ধারণা।

পালিয়ে যাওয়া তিন কিশোরীর মধ্যে খাদিজার এক আত্মীয়া ফাহমিদা আজিজ বলেন, ‘আমরা আশা করছি, তারা কোথা থেকে তহবিল পেয়েছে তা পুলিশ সঠিকভাবে খুঁজে বের করবে। কেননা নিশ্চিতভাবেই তারা পরিবারের থেকে ওই অর্থের জোগান পায়নি।’

স্কুলপড়ুয়া তিন কিশোরী খাদিজা সুলতানা (১৬), শামীমা বেগম (১৫) ও আমিরা আব্বাস গত মাসে বাড়ি থেকে পালিয়ে বিমানে চড়ে তুরস্কের ইস্তাম্বুলে যায়। সেখান থেকে তারা ইসলামপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সিরিয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মার্ক রাউলি জানান, এই তিন কিশোরীসহ যুক্তরাজ্য থেকে ২৬ জন কম বয়েসী তরুণী সিরিয়ায় আইএস যোদ্ধাদের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘তারা যে সন্ত্রাসে জড়িত, এ বিষয়ে আমাদের হাতে কোনো প্রমাণ নেই।’ তিনি বলেন, তারা চাইলে যুক্তরাজ্যে নিজেদের বাড়িতে ফিরতে পারবে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না।