বাণিজ্য ও নিরাপত্তাসহ বিভিন্ন সহযোগিতার পথ উন্মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান ও তুরস্কের মধ্যে বাণিজ্য, জ্বালানি, অবকাঠামোর উন্নয়ন ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে দুই দেশের শীর্ষ নেতারা সম্মত হয়েছেন।
তুরস্ক সফররত পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান গত মঙ্গলবার আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
দুই দেশের উচ্চ পর্যায়ের সহযোগিতা পরিষদের (এইচএলসিসি) তৃতীয় বৈঠকে অংশ নেন এরদোয়ান ও শরিফ। তাঁরা ওই বৈঠক ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে মন্তব্য করেন। উভয় পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যাপারে ‘অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন’ দেখা গেছে বলে তাঁরা জানান। নওয়াজ শরিফ বলেন, পাকিস্তান ও তুরস্কের মধ্যে রয়েছে ভ্রাতৃত্ব, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহাসিক বন্ধন। তা ছাড়া কৌশলগত কারণে তুরস্ক এবং দেশটির আঞ্চলিক ভূমিকা পাকিস্তানের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।
দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল ও স্বরাষ্ট্রমন্ত্রী মায়াম্মার গুলারের সঙ্গেও বৈঠক করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। এইচএলসিসির চতুর্থ বৈঠকে অংশ নিতে তুর্কি প্রধানমন্ত্রী পাকিস্তানে যাবেন বলে আশা প্রকাশ করেন নওয়াজ শরিফ। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিমানের ফ্লাইট বাড়ানোর ব্যাপারে মতৈক্য হয়েছে। পাকিস্তান থেকে সন্ত্রাসবাদের হুমকি দূর করায় তুরস্কের কার্যকর সহায়তা ও পরামর্শ চাইবে ইসলামাবাদ। কারণ চরমপন্থা দূর করার ব্যাপারে তুর্কি সরকার ও পুলিশ বিশেষ সাফল্য অর্জন করেছে। তাই দেশটির সহায়তায় যৌথ কৌশল প্রয়োগ করে পাকিস্তানেও সন্ত্রাস নির্মূলে সাফল্য আসতে পারে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আরও বলেন, ‘তুরস্ক আমাদের বিশ্বস্ত বন্ধু। আমরা যে সমস্যার মুখোমুখি হয়েছি, তুরস্ক একসময় সেটা পার করে এসেছে। কাজেই আমাদের একে অন্যকে সহযোগিতার সুযোগ রয়েছে। পাকিস্তানের রয়েছে বিপুল জনশক্তি। তাদের প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হলে কার্যকর ফল পাওয়া যাবে।’ ডন।