বাণিজ্য ও সন্ত্রাস দমন নিয়েআলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয় নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক ও সন্ত্রাস দমন নিয়ে আলোচনা করেছেন। ক্যামেরন গত মঙ্গলবার রাতে ভারতে যান। গতকাল সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠক করেন তিনি। ভারত ও যুক্তরাজ্য সরকারের মধ্যে গত বুধবার ১১০ কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা ও বেসামরিক পরমাণু চুক্তি সই হয়েছে। যুক্তরাজ্যের সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএই সিস্টেমস ও ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যবসাপ্রতিষ্ঠান রোলস রয়েসের মধ্যে এ চুক্তি সই হয়। এ চুক্তির আওতায় ভারতে ৫৭টি হক যুদ্ধবিমান সরবরাহ করবে যুক্তরাজ্য। এ ছাড়া ভারতের বেসামরিক পরমাণু প্রকল্পে সরঞ্জাম সরবরাহে যুক্তরাজ্যের কোম্পানিগুলোকে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী ক্যামেরন। ভারতের বেসামরিক পরমাণু প্রকল্পে প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহের ওপর যুক্তরাজ্য সরকার আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে গতকাল সন্ধ্যায় ক্যামেরনের বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের পর একটি সাংস্কৃতিক চুক্তি সইয়ের কথা। এ চুক্তির আওতায় পরস্পরের মধ্যে তথ্য সরবরাহ, মেধাসম্পদ বিনিময়, একে অপরের দেশে অনুষ্ঠান আয়োজন এবং সেমিনার ও প্রদর্শনীর আয়োজনের সুবিধা পাবে দুটি দেশ। পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণার সঙ্গে বৈঠককালে ব্রিটিশ প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয়সহ জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তাঁদের মধ্যে আফগানিস্তান ও পাকিস্তান পরিস্থিতি, জাতিসংঘের সংস্কার ও বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়েও আলোচনা হয়। ক্যামেরন বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদ রপ্তানি ও এর বিরুদ্ধে লড়াই করে দ্বিমুখী নীতি অবলম্বন করছে। এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান ও ত্যাগের কথা ভালো করেই জানেন।পাকিস্তান বলেছে, ক্যামেরনের এ বক্তব্য আঞ্চলিক শান্তি-প্রক্রিয়ার সম্ভাবনাকে নস্যাৎ করে দেবে। তবে ক্যামেরন আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, অকপটে কথা বলাই তাঁর দায়িত্ব। এএফপি, বিবিসি, রয়টার্স।