
গণভোটে যুক্তরাজ্যবাসী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার সিদ্ধান্ত দেওয়ার পর জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক ইইউর মাধ্যমে। এই সম্পর্ক প্রতিষ্ঠা করতে প্রায় ১০ বছর লেগেছিল। যুক্তরাজ্য এই জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে এখন বাংলাদেশের সঙ্গে তাদের সবকিছু নতুন করে করতে হবে। যা দীর্ঘ সময়সাপেক্ষ ব্যাপার হবে।
লন্ডনে অবস্থানরত সৈয়দ আশরাফ গতকাল শুক্রবার প্রথম আলোকে এ কথা বলেন। ইইউ ছাড়ার সিদ্ধান্ত যুক্তরাজ্যের জন্য দীর্ঘ মেয়াদে বড় ধরনের ক্ষতি হয়ে গেল বলে মন্তব্য করেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, ইউরোপীয় ইউনিয়ন কেবল বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কের ব্যাপার ছিল না। ইউরোপে শান্তি রক্ষার জন্য এই জোটের ভূমিকা ছিল অসীম। তিনি আরও বলেন, ফান্স ও জার্মানদের মধ্যে শত্রুতার কারণে ইউরোপ থেকেই দুটি মহাযুদ্ধের সূচনা হয়েছিল। ওই ধরনের দ্বন্দ্ব নিরসনের উদ্দেশ্যেই ইইউর ধারণা জন্মলাভ করে। এখন সেই জোট থেকে যুক্তরাজ্য বের হয়ে গেল। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে কি না, এখন সেটাই দেখার বিষয়।