বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে ভারতে ডেভিড ক্যামেরন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে গতকাল বুধবার ভারত সফর শুরু করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গত মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ক্যামেরনের প্রথম ভারত সফর। সফরে ছয়জন মন্ত্রী ও যুক্তরাজ্যের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ৩০ জনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। গত মঙ্গলবার রাতে স্মরণকালের সবচেয়ে বড় এই প্রতিনিধি দল নিয়ে ভারতে পৌঁছান ক্যামেরন।সফরসূচির শুরুতেই ভারতের তথ্যপ্রযুক্তির কেন্দ্র হিসেবে খ্যাত বেঙ্গালুরুতে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানে দেশটির দ্বিতীয় শীর্ষ সফটওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠান ইনফোসিস ও রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনোটিকস লিমিটেড (হ্যাল) পরিদর্শন করেন তিনি।বেঙ্গালুরুর ইনফোসিস ক্যাম্পাসে ভারতের তরুণ ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ক্যামেরন বলেন, ‘এই সফরে আমি এমন একটি সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই, যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি অর্জিত হবে এবং আমাদের দেশে বেকারত্বের হার কমে আসবে। এটা অবশ্যই বাণিজ্যিক সফর, তবে আমি এটাকে কর্মসংস্থান সৃষ্টির অভিযান হিসেবে দেখতে আগ্রহী।’এই সফরে দুই দেশের মধ্যে যেসব চুক্তি হওয়ার কথা রয়েছে, তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএই সিস্টেমস থেকে ৬০টি হক মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান ক্রয়চুক্তি। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গতকালই বেঙ্গালুরুতে এই চুক্তি সই হওয়ার কথা। চুক্তিতে সম্ভবত বিমানগুলো হ্যালের সঙ্গে যৌথভাবে সংযোজনের শর্ত উল্লেখ থাকবে। ২০০৪ সালে বিএই থেকে ৬৬টি হক জেট বিমান কিনতে চেয়েছিল ভারত।বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান অর্থনীতির চারটি দেশের জোট ব্রিকের সদস্য ভারত। জোটের অন্য তিন সদস্য হচ্ছে চীন, রাশিয়া ও ব্রাজিল। ব্রিটিশ প্রধানমন্ত্রীর আক্ষেপ ব্রিকের সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যের মোট বাণিজ্যের পরিমাণ প্রতিবেশী আয়ারল্যান্ডের সঙ্গে যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় বাণিজ্যের চেয়ে কম। তাই ক্যামেরন ক্ষমতা নেওয়ার পরই ব্রিটেনের কোম্পানিগুলোর বাজার বাড়াতে ভারতের প্রতি মনোযোগী হয়ে ওঠেন। ক্যামেরনের প্রতিনিধি দলে রয়েছেন, বিএই সিস্টেমসের চেয়ারম্যান রিচার্ড অলিভার, ব্যাংকিং খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান বার্কলেইস, অবকাঠামো নির্মাণ খাতের প্রতিষ্ঠান ব্যালফুর বেটি, বিমা প্রতিষ্ঠান আভিভা ও বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান থ্রিআইয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।ব্রিটেনের সরকারি সূত্র থেকে জানা গেছে, ভারতের বেসামরিক পরমাণু জ্বালানি খাতের ব্যাপারে বিশেষ আগ্রহী তারা। এ ব্যাপারে ব্রিটেনের বেসরকারি পরমাণু খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভারতে পণ্য রপ্তানির অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে ক্যামেরনের সরকারের। ক্যামেরনের সফরসঙ্গী ব্রিটেনের অর্থমন্ত্রী জর্জ অসবর্ন বলেন, ‘ভারত অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ, সে দেশের অর্থনীতি, আমাদের অর্থনীতির চেয়ে তিন গুণ গতিতে এগিয়ে যাচ্ছে।’ ভারতে ব্রিটেনের রাষ্ট্রদূত রিচার্ড স্ট্যাগ ক্যামেরনের এই সফরকে অন্যতম উচ্চাভিলাসী সফর হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ভারতের সঙ্গে একটি নতুন, বিশেষ সম্পর্ক গড়তে আগ্রহী ক্যামেরন ও তাঁর মন্ত্রিসভা।নয়াদিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ইউরোপিয়ান স্টাডিজ বিভাগের অধ্যাপক আর কে জৈন বলেন, ‘ক্যামেরনের এই সফর পরিষ্কার ইঙ্গিত বহন করছে—ভারতকে গুরুত্ব দিচ্ছে ব্রিটেন। ভারতের কাছ থেকে বড় ধরনের বিনিয়োগ আশা করছে তারা। কারণ, ব্রিটেনের অর্থনীতিকে মন্দার কবল থেকে পুরোপুরি বের করে আনতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ একটি ভালো উপায়।’ রয়টার্স, বিবিসি।