বাণিজ্যে সরাসরি সড়ক যোগাযোগের কথা ভাবছে দিল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে সড়কপথে সরাসরি পণ্য পরিবহন করা যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছে ভারত।
এখন বাংলাদেশের কোনো পণ্যবাহী ট্রাক সরাসরি ভারতের ঢুকতে পারে না। (উল্টোটাও সত্য।) একটি ট্রাক ভারতের পেট্রাপোলে গিয়ে পণ্য খালাস করে। সেখান থেকে ভারতের একটি ট্রাক পণ্য নিয়ে যায়। এতে দুই দেশের মধ্যে পণ্য পরিবহনের সময় বেশি লাগছে। এটা লাঘব করতেই ভারত চিন্তা করছে, দুই দেশের মধ্যে কোনো প্রতিবন্ধকতা ছাড়া সরাসরি ট্রাকে পণ্য পরিবহনব্যবস্থা চালু করা যায় কি না। এ জন্য সে দেশের বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশকে একটি প্রস্তাব দিতে চায়। তবে এতে বাদ সেধেছে দেশটির সড়ক পরিবহন মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতের অন্যতম প্রধান বাণিজ্য দৈনিক ‘মিন্ট’ এক প্রতিবেদনে বলেছে, ভারত-বাংলাদেশের মধ্যে বিশাল বাণিজ্য যোগাযোগের পথ রয়েছে। তাই ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থা চালু করতে চায়। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাংলাদেশকে সরাসরি সড়ক পরিবহনব্যবস্থা চালুর প্রস্তাব দিতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বাধার কারণে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। বাণিজ্য মন্ত্রণালয় আশা করছে, এর ফলে দক্ষিণ এশিয়ার বাণিজ্যের পথ আরও উন্মুক্ত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ‘মিন্ট’কে বলেছেন, তাঁরা বাংলাদেশ-ভারতের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পক্ষে। সেটা শুধু শুল্ক স্টেশন পর্যন্ত নয়, যেখানে পণ্য নিয়ে ট্রাক যাবে, সেখান পর্যন্ত সরাসরি যাতায়াতব্যবস্থা গড়ে তুলতে চান। তিনি বলেন, যদি পণ্য পরিবহনের ট্রাকে একবার নিরাপত্তা সিল দেওয়া হয়, তবে ওই ট্রাক দুই দেশে সরাসরি চলাচলের জন্য অনুমতি পাবে। পণ্য পরিবহনে সীমান্ত এলাকায় ভৌত অবকাঠামো গড়ে তোলার চেয়ে সরাসরি ট্রাক চলাচল বেশি দরকার।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে মাল খালাস করে। সেখান থেকে অপর একটি ট্রাকে ভারতে ওই পণ্য নিয়ে যাওয়া হয়। ট্রাক বদলের ওই ঝামেলা বন্ধ করে দুই দেশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থা চালুর পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। তিনি বলেন, এর ফলে ভারতের পেট্রাপোল বন্দরে বা অন্য শুল্ক বন্দরগুলো গাড়ি বদলের সমস্যা আর থাকবে না। এতে সহজে দুই দেশে বাণিজ্য হবে এবং একই গাড়িতে করে পণ্য আনা-নেওয়া করা যাবে।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের বৃহত্ ব্যবসায়িক অংশীদার। ২০১২-১৩ সালে ভারত ৫১০ কোটি ডলার পণ্য বাংলাদেশে রপ্তানি করেছে। ওই একই সময়ে তারা বাংলাদেশ থেকে আমদানি করেছে ৬৩ কোটি ৯০ লাখ ডলারের পণ্য।
২০১০ সালের সার্ক সম্মেলনে বাংলাদেশ-ভারত সরাসরি সড়ক পরিবহনব্যবস্থা নিয়ে আলোচনা করে তা অনুমোদন করে। এ সম্মেলনেই ২০১০ থেকে ২০২০ পর্যন্ত ‘সার্ক আন্ত-আঞ্চলিক সংযোগের দশক’ হিসেবে ঘোষণা করা হয়। এ সময়ের মধ্যে গাড়ি এবং রেল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে উভয় দেশ একমত হয়।
দুই দেশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থার ভাবনাটি প্রস্তাব আকারে এখনো বাংলাদেশকে দেয়নি ভারত। এটি নিয়ে দেশটি আরও আলোচনা করবে। ভারত ভাবছে, এর ফলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা ‘মিন্ট’কে আরও জানান, বাংলাদেশের একটি ট্রাক পণ্য নিয়ে সরাসরি ভারতের কলকাতা ও মুম্বাই যাবে। একই সঙ্গে ওই ট্রাকগুলো ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যেও যেতে পারবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এটা নিয়ে যেকোনো প্রকারের চুক্তি হলে তা হবে পরস্পর সমঝোতার ভিত্তিতে। তিনি বলেন, ‘আমরা সরাসরি যোগাযোগব্যবস্থা চালু করতে চাই। কারণ, এতে কলকাতা ও আগরতলার হয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যের দূরত্ব কমাবে। আমরা এই ব্যবস্থা নেপাল পর্যন্ত চালু করতে চাই।’ তবে তাঁরা এককভাবে কোনো কিছুই করবেন না বলেও জানান ওই কর্মকর্তা।
দুই দেশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থাকে বিশাল আকারের বা বিস্ময়কর ভাবনা বলে আখ্যায়িত করছেন ইন্ডিয়ান কাউন্সিল অ্যান্ড রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন্স-এর অধ্যাপক নিশা তানিজা। তিনি বলেন, এ প্রস্তাব যদি সফল হয়, তাহলে দক্ষিণ এশিয়ার দৃশ্যপট পাল্টে যাবে। এর ফলে আঞ্চলিক বাণিজ্যে অচলাবস্থারও অবসান হবে।