বাতের ওষুধে গজাবে চুল!
‘মাত্র এক ঘণ্টায় টাক সমস্যার সমাধান’—এ রকম বাহারি সব বিজ্ঞাপন দেখে আপনি হয়তো বারবার প্রতারিত হয়েছেন৷ নিজের কষ্টার্জিত অর্থ উলুবনে ছড়িয়ে বাড়ি ফিরেছেন৷ গাঁটের টাকা খোয়ানোর শোকে অজান্তেই হয়তো টাক মাথাটায় হাত বোলাতে বোলাতে আক্ষেপ করেছেন, ‘আহা, যদি এমন ওষুধ থাকত, যা সত্যি সত্যিই টাক মাথাটাকে চুলে ভরিয়ে দিত!’
এমন আক্ষেপ হয়তো আর থাকবে না৷ কারণ, মার্কিন চিকিৎসকেরা শুনিয়েছেন আশারবাণী৷ তাঁদের কাছে চিকিৎসা নেওয়ার পর টাক মাথার এক ব্যক্তির মাথা এখন চুলে ভরে গেছে৷ যে ওষুধে তাঁর চুল গজিয়েছে, সেটা বাত রোগের চিকিৎসায় ব্যবহৃত প্রচলিত ওষুধ৷ খবর আইএনএসএর৷
বিরল অ্যালোপেসিয়া ইউনিভার্সালিস রোগে আক্রান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের ওই ব্যক্তির মাথার চুলসহ পুরো দেহের লোম পড়ে যায়৷ পাশাপাশি তিনি এক প্রকার কচ্ছু রোগেও (প্লাক সরিয়াসিস) আক্রান্ত ছিলেন৷ এর রোগের লক্ষণ হলো, ত্বকে লাল ও খসখসে ক্ষত সৃষ্টি হওয়া৷ মূলত কচ্ছু রোগের চিকিৎসার জন্যই ওই ব্যক্তিকে ইয়েল বিশ্ববিদ্যালয়ের ত্বকবিজ্ঞান বিভাগে ভর্তি করা হয়৷
সেখানকার চিকিৎসকেরা ব্যবহার করেন টোফাসাইটিনিব সাইট্রেট৷ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুমোদিত এই ওষুধ সাধারণত বাতের চিকিৎসায় ব্যবহার করা হয়৷ অবশ্য, মানুষের কচ্ছু রোগের চিকিৎসায়ও এই ওষুধ অতীতে সফলভাবে ব্যবহার করা হয়েছে৷
১০ মিলিগ্রাম মাত্রার টোফাসাইটিনিব দিনে একিট করে দুই মাস টানা ব্যবহারে ওই ব্যক্তির রোগ ভালো হতে শুরু করে৷ পরে তাঁর মাথার খুলি ও মুখে চুল গজাতে শুরু করে৷ পরে আরও কয়েক মাস ১৫ মিলিগ্রাম মাত্রায় থেরাপি নেওয়ার পর পুরো মাথায় চুল গজায়৷