বাদাম খোয়া যাওয়ায় মহাখাপ্পা রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানি এলিজাবেথ
রানি এলিজাবেথ

প্রিন্স চার্লসের বিবাহবার্ষিকী সামনে রেখে বাকিংহাম প্যালেসের করিডোরে প্রদর্শনের জন্য বাটিতে বাদাম রাখা হয়েছিল। সেখানে টহলরত রাজপ্রাসাদের পুলিশ কর্মকর্তারা লোভ সামলাতে না পেরে চুরি করে ওই বাদাম খেয়ে ফেলেছিলেন। বিষয়টি রানি এলিজাবেথের নজরে এলে পুলিশ কর্মকর্তাদের ওপর ভীষণ ক্ষুব্ধ হন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ নামের আলোচিত ব্রিটিশ ট্যাবলয়েডের সাংবাদিকদের ফোন হ্যাকিং মামলার শুনানিতে গত বৃহস্পতিবার এ বিষয়টি উন্মোচিত হয়েছে।

২০০৫ সালে রাজপ্রাসাদের দায়িত্ব পালনরত ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর সাংবাদিক ক্লাইভ গুডম্যান তত্কালীন সম্পাদক অ্যান্ডি কুলসনের কাছে একটি ই-মেইল পাঠিয়েছিলেন। ওই ই-মেইলে প্রতিবেদক উল্লেখ করেন, তিনি জানতে পেরেছেন, রাজপ্রাসাদের পুলিশ কর্মকর্তাদের একটি পত্র দিয়েছেন রানি। ওই পত্রে রানি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের হাত সামলাতে বলেছেন।
খবরে বলা হয়, বাকিংহাম প্যালেসের করিডোরে প্রদর্শনের জন্য রাখা বাটি থেকে চুরি করে রাজপ্রাসাদের টহল পুলিশ কর্মকর্তারা প্রচুর পরিমাণ বাদাম খেয়ে ফেলেছিলেন। বিষয়টি নজরে এলে ওই পুলিশ কর্মকর্তাদের ওপর ভয়ানক ক্ষুব্ধ হন রানি। তিনি সতর্কবার্তা দিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের লোভ সামলানোর নির্দেশ দেন।

ঘটনার বিষয়ে বাকিংহাম প্যালেসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।