বাধা উপেক্ষা করে মুক্তি পেল শাহরুখের ছবি
শিবসেনার হুমকি উপেক্ষা করে গতকাল শুক্রবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত মাই নেম ইজ খান ছবিটি। এর আগে মুম্বাইয়ে হিন্দু উগ্রপন্থী দল শিবসেনা ঘোষণা দিয়েছিল, শাহরুখ শিবসেনাপ্রধান বাল ঠাকরের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা মুম্বাইয়ে ওই ছবি প্রদর্শন করতে দেবে না। মুম্বাইয়ের ৬৩টি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সের মালিকেরা বৃহস্পতিবার সিদ্ধান্ত নেন, তাঁরা এই ছবির প্রদর্শন করবেন না। এরপর মহারাষ্ট্রের কংগ্রেস সরকার মাল্টিপ্লেক্স ও সিনেমা হল কর্তৃপক্ষকে নিরাপত্তার আশ্বাস দিলে গতকাল মুম্বাইয়ের ছয়টি মাল্টিপ্লেক্স ও চারটি সিনেমা হলে ছবিটি মুক্তি পায়। তবে এদিন শিবসেনারা মুম্বাইয়ের প্রতিটি প্রেক্ষাগৃহের সামনে ওই ছবির বিরুদ্ধে বিক্ষোভ করে। এ সময় মহারাষ্ট্রের পুলিশ দুই হাজারের বেশি শিবসেনাকে গ্রেপ্তার করে। গতকাল অবশ্য গুজরাটে বিশ্ব হিন্দু পরিষদ ওই ছবির প্রদর্শন বন্ধের জন্য বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভ হয়েছে রাজধানী আহমেদাবাদ ও রাজকোটে।পশ্চিমবঙ্গে ছিল এর উল্টো চিত্র। এখানে ছিল উত্সবের মেজাজ। ছবিটি পশ্চিমবঙ্গের ১৩০টি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সব প্রেক্ষাগৃহই ছিল দর্শকে পরিপূর্ণ।