বাধ্যতামূলক অবসরে দুই মার্কিন জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে তালেবান হামলার হাত থেকে রক্ষা করতে না পারায় শীর্ষস্থানীয় দুই মার্কিন সেনা কর্মকর্তাকে গত সোমবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাঁরা হলেন মেজর জেনারেল চার্লস গুর্গানাস ও মেজর জেনারেল গ্রেগ এ স্টারডেভান্ট। মার্কিন মেরিন কোরের প্রধান জেনারেল জেমস অ্যামোস এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, জেনারেল গুর্গানাস ও জেনারেল স্টারডেভান্ট ২০১২ সালের ওই তালেবান হামলা থামাতে ‘পর্যাপ্ত সুরক্ষামূলক ব্যবস্থা নেননি’। হেলমান্দ প্রদেশে অবস্থিত ক্যাম্প ব্যাস্টিয়ন নামের ওই মার্কিন সামরিক ঘাঁটিতে গত বছর তালেবান যোদ্ধারা হামলা চালায়। এ ঘটনায় দুই মেরিন সেনা নিহত এবং আটজন আহত হন। এ ছাড়া তালেবান যোদ্ধারা ছয়টি হ্যারিয়ার যুদ্ধবিমান ধ্বংস করে এবং আরও কয়েকটিকে ক্ষতিগ্রস্ত করে। বিবিসি।