বান কি মুনের বিদায়ী আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান কি মুন
বান কি মুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন চলতি বছরে প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর করা ও সিরিয়া যুদ্ধ বন্ধের জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বিদায়ী ভাষণে গত মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।
বান কি মুনের জাতিসংঘ প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর আর তিন মাস বাকি। এই পদে ১০ বছর নিয়োজিত থাকার পর আগামী ৩১ ডিসেম্বর পদত্যাগ করার কথা তাঁর।
বিদায়ী ভাষণে তিনি বলেন, ‘সিরিয়া যুদ্ধের ছয় বছর চলছে। এতে ইতিমধ্যে তিন লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। যুদ্ধ থামাতে প্রভাব রাখতে সক্ষম এমন সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আলোচনা শুরু করুন।’
গ্রিন হাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণে প্যারিস জলবায়ু চুক্তিকে বান কি মুনের বড় ধরনের কৃতিত্ব ভাবা হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আর দেরি করার সময় নেই। আমি আপনাদের চলতি বছরেই প্যারিস চুক্তি কার্যকর করার আহ্বান জানাচ্ছি।’

জলবায়ু পরিবর্তনকে দক্ষিণ কোরিয়ার সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এ সময়ের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ১৫ শতাংশ কার্বন নির্গমনের প্রতিনিধিত্ব করা মাত্র ২৬টি দেশকে অবশ্যই চুক্তি বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে হবে। এ ছাড়া ইসরায়েল-ফিলিস্তিনের ‘উন্মত্ততা’ বন্ধের আহ্বান জানান বান কি মুন। বিশ্ব নেতাদের পরামর্শ দেন সুশাসনের জন্য। মহাসচিব বলেন, ‘আমার বার্তা সবার কাছে পরিষ্কার: জনসেবা করুন। গণতন্ত্র উৎখাত নয়। দেশের সম্পদ চুরি করবেন না এবং আপনার সমালোচনাকারীদের কারারুদ্ধ ও নির্যাতন করবেন না।’